ইউনূসের আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ ইউনূসের রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা দুটি আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ শুনানি মুলতবি করেন। আজ শুনানির সময় মুহাম্মদ ইউনূস আদালতে উপস্থিত ছিলেন। সকাল সোয়া নয়টার দিকে শুনানিতে অংশ নিয়ে ইউনূসের আইনজীবী ড. কামাল হোসেন বলেন, তিন দিন শুনানি করে কোনো ধরনের রুল ইস্যু না করেই রিট খারিজ করে দেওয়া হয়েছে। খারিজের লিখিত যুক্তিগুলো এখনো পাইনি। আদেশে স্বাক্ষর হয়নি। যদি রুল জারি করা হতো, তাহলে অপর পক্ষের লিখিত বক্তব্যগুলো জানতে পারতাম। হাইকোর্টের আদেশ পাওয়া পর্যন্ত শুনানি মুলতবি করা যেতে পারে। সংক্ষিপ্ত শুনানির পর আদালত আবেদন দুটির শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করেন। আজ আদালতে ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী মাহমুদুল ইসলাম, সারা হোসেন ও তানীম হোসাইন শাওন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের পক্ষে তৌফিক নেওয়াজ উপস্থিত ছিলেন। কামাল হোসেন আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, ‘আদেশের বিরুদ্ধে আবেদন (সিএমপি) করা হয়েছিল। হাইকোর্টের আদেশের কপি পাওয়া যায়নি। হাইকোর্ট রিট খারিজ করেছিলেন। তাই আদেশের ওপর কোনো মন্তব্য করতে পারি না। আমরা যে যুক্তিতে রিট পিটিশন করেছিলাম, সে ক্ষেত্রে রুল জারি করা হয়। আশা করেছিলাম রুল জারি হবে। কিন্তু রুল জারি না করে আদালত তা খারিজ করেছেন।’ যে বিচার পাওয়ার আশা তাঁরা করেছিলেন, তা পাননি বলেও মন্তব্য করেন। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে মুহাম্মদ ইউনূসের অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে ৯ মার্চ দুটি আবেদন (সিএমপি) করা হয়। ওই দিন দুপুরে চেম্বার বিচারপতির আদালতে বিষয়টি উপস্থাপন করা হয়। শুনানির পর চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আবেদন দুটি ১৫ মার্চ (আজ) শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। তারও আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী-সম্পর্কিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ-১৯৮৩-এর ১৪(১) ধারার বিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের এমডি পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয়, উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক দুটি রিট আবেদন করেছিলেন ৩ মার্চ। তিন দিন শুনানি শেষে ৮ মার্চ হাইকোর্ট আদেশ দেন। বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মুহাম্মদ ইউনূসের অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন দুটি খারিজ করে দেন। এতে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে দুটি আবেদন করা হয়।