ইউনূসের আবেদনের শুনানি ৪ এপ্রিল পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ ইউনূসের রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা দুটি আবেদনের শুনানি ৪ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে অব্যাহতির বিরুদ্ধে মুহাম্মদ ইউনূস রিট করেছিলেন।আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ শুনানি মুলতবি করেন। শুনানিতে অংশ নিয়ে মুহাম্মদ ইউনূসের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ রায়ের অনুলিপি পাননি বলে জানান। তখন বাংলাদেশ ব্যাংকের পক্ষে আইনজীবী তৌফিক নেওয়াজ রায়ের অনুলিপি তুলে ধরেন। আবেদনকারী পক্ষ রায়ের অনুলিপি না পাওয়ায় আদালত শুনানি মুলতবি করেন।প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। তারও আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী-সম্পর্কিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ-১৯৮৩-এর ১৪(১) ধারার বিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের এমডি পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয়, উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক দুটি রিট আবেদন করেছিলেন ৩ মার্চ। তিন দিন শুনানি শেষে ৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদন দুটি সরাসরি খারিজ করে দেন। এতে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে দুটি আবেদন (সিএমপি) করা হয় ৯ মার্চ। এর পরিপ্রেক্ষিতে ওই দিন চেম্বার বিচারপতি আবেদন দুটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।