ইউনূসের কারণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ক্ষতি হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না। তাঁর মতে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে সরিয়ে দিয়ে সরকার আইনানুগ পদক্ষেপ নিয়েছে। এ কারণে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়াটা যৌক্তিক হবে না। এ বিষয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির অবস্থানের ব্যাপারে জানতে চাইলে দীপু মনি আজ শুক্রবার তাঁর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ওই মত দেন। জেমস এফ মরিয়ার্টি গতকাল বৃহস্পতিবার বলেন, ‘যে প্রক্রিয়ায় তাঁকে (মুহাম্মদ ইউনূসকে) সরিয়ে দেওয়া হয়েছে, তাতে আমার সরকার গভীরভাবে বিচলিত। আমরা চেয়েছিলাম, সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়টির সুরাহা হোক। এখনো আমরা সেটাই চাই। আমরা আশা করব, দুই পক্ষই তাদের মতভেদ দূর করতে কাজ করবেন।’ঢাকায় শীর্ষ ওই মার্কিন কূটনীতিক অর্থ মন্ত্রণালয়ে দাতাগোষ্ঠীর সঙ্গে অর্থমন্ত্রীর ব্রিফিং শেষে এ মন্তব্য করেন। কোন প্রেক্ষাপটে মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো, সেটা ব্যাখ্যা করতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওই ব্রিফিংয়ের আয়োজন করেন। মরিয়ার্টির ওই বক্তব্যের পর যুক্তরাষ্ট্র গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, মুহাম্মদ ইউনূস ৮ মার্চ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে তাঁরই হাতে গড়া প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এটি সরকারেরই অংশ। এটি শুধু গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ-১৯৮৩-ই নয়, ব্যাংক কোম্পানি আইনের আওতায় পরিচালিত হয়। যেসব আইনের মাধ্যমে এ প্রতিষ্ঠান পরিচালিত হয়, তার আলোকে ওই সিদ্ধান্ত (ইউনূসকে সরানো) নেওয়া হয়েছে। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এ বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না। আমার জন্য এটি সমীচীন হবে ন।’দীপু মনি বলেন, ‘বাংলাদেশ সরকার গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে। তাই আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য, তিনি যে-ই হোন না কেন। কাজেই কোথাও আইনের ব্যত্যয় ঘটলে তা ঠিক করার দায়িত্ব সরকারেরই। গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পরিচালনা ত্রুটি-বিচ্যুতি ঘটেছে কি না, তা একটি কমিটি দেখছে। কমিটি চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরই জানতে পারব, প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে আইন লঙ্ঘন হয়েছে কি না।’ তিনি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত মুহাম্মদ ইউনূস সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে, তাঁকে যুক্তরাষ্ট্র পুরস্কৃত করেছে। কাজেই এ ব্যাপারে তাঁদের উদ্বেগ থাকতেই পারে। এমনকি আন্তর্জাতিকভাবেও তাঁকে নিয়ে উদ্বেগ থাকতেই পারে।’সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রভাব ফেলবে কি না—প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ব্যাপক। ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি নানা ক্ষেত্রে এ সম্পর্ক সম্প্রসারিত হয়েছে। শুধু দ্বিপক্ষীয় নয়, আন্তর্জাতিকভাবেও আমাদের সম্পর্কটা নিবিড়। তাই আমি মনে করি, বাংলাদেশ সরকারের কোনো আইনানুগ পদক্ষেপের কারণে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়া যৌক্তিক নয়।’