প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে যে মন্তব্য করেছেন, সেটি তাঁর একান্ত ব্যক্তিগত অভিমত। কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ রয়েছে বলে আমি মনে করি না।’ আজ বুধবার হোটেল র্যাডিসনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিদেশিরা হস্তক্ষেপ করছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা কোনো কিছু বলতে অস্বীকৃতি জানান।প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ঢাকায় আমেরিকান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবার্ট ও ব্লেক বলেছেন, মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সমঝোতার মাধ্যমে সুরাহা না হলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। আর সম্মানজনকভাবে বিষয়টির সমাধান হলে হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরের আয়োজন সহজ হবে। যদিও সমঝোতার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ব্লেক।