ইউনূসের পক্ষে করা রিট দুটি খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অব্যাহতি দেওয়া-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের আদেশকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট বেঞ্চ।বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার দুপুরে তাঁদের এই আদেশ দেন।অধ্যাপক ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক বাংলাদেশ ব্যাংকের আদেশকে চ্যালেঞ্জ করে পৃথক দুটি রিট আবেদন করেছিলেন গত ৩ মার্চ। তিন দিন শুনানি শেষে আদালত আজ রিট দুটি খারিজ করে দিয়েছেন।গত ২ মার্চ কেন্দ্রীয় ব্যাংক এক আদেশে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। তারও আগে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক প্রধান নির্বাহী-সম্পর্কিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩-এর ১৪(১) ধারার বিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের এমডি পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয় উল্লেখ করে। কেন্দ্রীয় ব্যাংক এই চিঠিটি পাঠায় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হকের কাছে। এতে কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে মুহাম্মদ ইউনূস ওই ব্যাংকের আইনসম্মত ব্যবস্থাপনা পরিচালক নন বলে উল্লেখ করে।আদালত আজ তাঁর আদেশে রিট আবেদন খারিজ করার পাশাপাশি কিছু পর্যবেক্ষণ তুলে ধরেন। আদালত বলেন, বাংলাদেশ ব্যাংকের অব্যাহতি দেওয়ার আদেশটি বৈধ এবং ব্যাংক কোম্পানি আইন অনুসারে কেন্দ্রীয় ব্যাংকের এই এখতিয়ার আছে।আদালত আরও বলেন, গ্রামীণ ব্যাংকের চাকরির বিধিমালা অনুসারে সব কর্মকর্তা-কর্মচারীর বয়সসীমা ৬০ বছর। ব্যাংকের পরিচালনা পর্ষদ এমডির বয়সসীমা অনির্দিষ্টকালের জন্য নির্ধারণ করলেও তার অনুমোদন নেওয়া হয়নি।আদেশের পরপরই রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের দুটি চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন আদালত খারিজ করে দিয়েছেন। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের ওই চিঠি দুটি বৈধ বলে গণ্য হবে।অন্যদিকে ইউনূসের আইনজীবী সারা হোসেন সাংবাদিকদের বলেন, আজ অত্যন্ত দুঃখের একটি দিন। আদালত আজ বাংলাদেশ ব্যাংকের অবৈধ নোটিশকে বৈধতা দিয়েছেন। তিনি বলেন, ‘গত কয়েক দিনের শুনানির সময় আমরা যে আশঙ্কা করেছিলাম, আজ রিট খারিজের মাধ্যমে তা সত্য প্রমাণিত হলো।’ সারা হোসেন আরও জানান, ইউনূসের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।আদালত আজ আদেশ দেওয়ার সময় মুহাম্মদ ইউনূস, সিনিয়র আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ কেউ উপস্থিত ছিলেন না।