বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘বহির্বিশ্বের সামনে আমরা নিজেদের কীভাবে উপস্থাপন করছি অর্থাত্ আমাদের ভাবমূর্তি কীভাবে গড়ে তুলছি, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে নিয়ে যা করা হয়েছে, তা এই ভাবমূর্তি গড়ে তোলাকে প্রশ্নবিদ্ধ করেছে।’বিশিষ্ট এ অর্থনীতিবিদ আরও বলেছেন, ‘ভাবমূর্তি গড়ে তোলা একটি নিরন্তর প্রক্রিয়া। আইনগত দিকটি বাদ দিলে আমরা মুহাম্মদ ইউনূসের বিষয়টি যেভাবে পরিচালনা করেছি, তাতে নেলসন ম্যান্ডেলার মতো ব্যক্তিত্বের নেতৃত্বে বিশ্বসম্প্রদায় কী ভাবছে, তা চিন্তা করিনি।’আজ মঙ্গলবার ঢাকায় একটি হোটেলে আমেরিকান চেম্বার ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম এতে সভাপতিত্ব করেন।রাজনীতির দুরবস্থার প্রসঙ্গ টেনে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ভারতের চেয়ে বাংলাদেশের রাজনীতিকদের অবস্থা খারাপ নয়। ভারতে সাংসদদের প্রায় ৩০ শতাংশের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে। কিন্তু সে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে গড়ে তোলা হয়েছে, যা বাংলাদেশে হয়নি।ওয়াহিদ বলেন, ‘স্বল্পোন্নত দেশ হিসেবে যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে, সেগুলো আদায়ে সর্বশক্তি নিয়োগ করার বদলে কীভাবে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারি, সেদিকেই বেশি চেষ্টা করা উচিত। কেননা, বাংলাদেশ এখন বিশ্বের ২৫টি বৃহত্তম উন্নয়নশীল অর্থনীতির অন্যতম। আর প্রবৃদ্ধির হারের দিক দিয়ে শীর্ষ ১০ উন্নয়নশীল দেশের তালিকায় আছে।’এক প্রশ্নের জবাবে ওয়াহিদউদ্দিন বলেন, বাংলাদেশের যেসব পণ্য রপ্তানি বাজারে সম্ভাবনাময়, চীন ও ভারতেরও সেসব পণ্য সম্ভাবনাময়। কাজেই খাত ভিত্তিতে তুলনামূলক সুবিধা খুঁজে পেতে হবে।অ্যামচেমের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর প্রমুখ।