ইউনূসের বিষয় দেশের ভাবমূর্তি গঠনকে প্রশ্নবিদ্ধ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘বহির্বিশ্বের সামনে আমরা নিজেদের কীভাবে উপস্থাপন করছি, অর্থাৎ আমাদের ভাবমূর্তি কীভাবে গড়ে তুলছি, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে নিয়ে যা করা হয়েছে, তা এই ভাবমূর্তি গড়ে তোলাকে প্রশ্নবিদ্ধ করেছে।’বিশিষ্ট এই অর্থনীতিবিদ আরও বলেছেন, ‘ভাবমূর্তি গড়ে তোলা একটি নিরন্তর প্রক্রিয়া। আইনগত দিকটি বাদ দিলে আমরা মুহাম্মদ ইউনূসের বিষয়টি যেভাবে পরিচালনা করেছি, তাতে নেলসন ম্যান্ডেলার মতো ব্যক্তিত্বের নেতৃত্বে বিশ্ব সম্প্রদায় কী ভাবছে, তা চিন্তা করিনি।’গতকাল মঙ্গলবার ঢাকায় একটি হোটেলে আমেরিকান চেম্বার ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। অ্যামচেম সভাপতি আফতাব-উল ইসলাম এতে সভাপতিত্ব করেন।ওয়াহিদউদ্দিন বলেন, ‘এখন আমরা অভ্যন্তরীণ বিক্ষোভ-বিরোধ, বিদেশের বিমানবন্দর ও হোটেলে রপ্তানির নতুন সংস্কৃতি শুরু করেছি। আশঙ্কা হয়, এই অসুস্থ চর্চা সামনে আরও ছড়িয়ে পড়বে। অথচ পৃথিবীর কোনো দেশ নিজেদের ভেতরের বিরোধ এভাবে বাইরে টেনে নিয়ে যায় না। এগুলো ভাবমূর্তি গঠনে সহায়ক হয় না।’ওয়াহিদউদ্দিন বলেন, বাংলাদেশে দুর্নীতি আছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতির যে চিত্র দিচ্ছে, তাকে অনেকে বাড়িয়ে বলা হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু দেশে দুর্নীতি সম্পর্কে ধারণাটি তো এ রকমই। তিনি বলেন, ‘মেধা নয়, বরং মাঝারি মানকে উৎসাহিত করা হচ্ছে। ফলে, আফ্রিকার আমলাতন্ত্রও আমাদের চেয়ে কেতাদুরস্ত।’দেশের সুশাসনের ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, নিম্ন আয় ও নিম্নমানের শাসন একত্রে চলে। তবে বাংলাদেশের উদ্যোক্তারা সুশাসনের ঘাটতি উপেক্ষা করে সামনে এগিয়ে গেছেন। অনিশ্চিত ভবিষ্যতের মধ্যেও তাঁরা বিনিয়োগ করেছেন। এটাই বাংলাদেশের এগিয়ে যাওয়ার শক্তি।রাজনীতির দুরবস্থার প্রসঙ্গ টেনে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ভারতের চেয়ে বাংলাদেশের রাজনীতিকদের অবস্থা খারাপ নয়। ভারতে সাংসদদের প্রায় ৩০ শতাংশের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা আছে। কিন্তু সে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে গড়ে তোলা হয়েছে, যা বাংলাদেশে হয়নি। তিনি বলেন, ‘আমরা বুদ্ধিবৃত্তিক-বিরোধী ও অস্থায়ী নীতিকে উৎসাহিত করছি। সে জন্যই অর্থমন্ত্রী বিরাট অঙ্কের বাজেট করেন, যেন সবকিছু নিয়ে এসে অগ্রাধিকার নির্ধারণ এড়িয়ে যাওয়া যায়।’বাংলাদেশের উন্নয়নযাত্রার গতিপথের দিকে আলোকপাত করতে গিয়ে এই অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশকে এখন অনুকরণমূলক পন্থা থেকে উদ্ভাবনমূলক পন্থায় যেতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, এত দিন জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অদক্ষ শ্রমশক্তিকে উৎসাহিত করা হয়েছে। এখন সময় এসেছে আধা দক্ষ ও দক্ষ জনশক্তি রপ্তানিতে মনোযোগ দেওয়ার।ওয়াহিদ বলেন, ‘স্বল্পোন্নত দেশ হিসেবে যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে, সেগুলো আদায়ে সর্বশক্তি নিয়োগ করার বদলে কীভাবে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারি, সেদিকেই বেশি চেষ্টা করা উচিত। কেননা, বাংলাদেশ এখন বিশ্বের ২৫টি বৃহত্তম উন্নয়নশীল অর্থনীতির অন্যতম। আর প্রবৃদ্ধির হারের দিক দিয়ে শীর্ষ ১০ উন্নয়নশীল দেশের তালিকায় আছে।’এক প্রশ্নের জবাবে ওয়াহিদ বলেন, বাংলাদেশের যেসব পণ্য রপ্তানি বাজারে সম্ভাবনাময়, চীন ও ভারতেরও সেসব পণ্য সম্ভাবনাময়। কাজেই খাত ভিত্তিতে তুলনামূলক সুবিধা খুঁজে পেতে হবে।অ্যামচেমের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর প্রমুখ।