ইউনূসের বিষয়টি সুরাহার এখনো সুযোগ আছে: ব্লেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের সুযোগ আছে। আর সমঝোতার মাধ্যমে বিষয়টির সুরাহা হলে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে অগ্রগতি হয়েছে, তা অব্যাহত রাখা সম্ভব হবে।সফররত মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রসচিব রবার্ট ও ব্লেক আজ রোববার দুপুরে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে জ্যেষ্ঠ ওই মার্কিন কর্মকর্তা আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনূস প্রসঙ্গে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ব্লেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো, ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয়গুলো নিয়েই আলোচনা করেছি। আলোচনায় ইউনূস প্রসঙ্গটিও এসেছে।’ব্লেক বলেন, ‘আমাদের প্রত্যাশা এ ক্ষেত্রে একটি সমঝোতায় পৌঁছানো যাবে, যা গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা ও স্বকীয়তা নিশ্চিত করবে। আমি আশা করি, খুব সফলতার সঙ্গেই সমঝোতায় পৌঁছানো যাবে। আর এ সমঝোতা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি অব্যাহত রাখার সুযোগ করে দেবে।’এ ব্যাপারে প্রধানমন্ত্রী কী বলেছেন—প্রশ্ন করা হলে ব্লেক বলেন, ‘আমি এটি তাঁর ওপর ছেড়ে দিচ্ছি।’রবার্ট ও ব্লেক চার দিনের সফরে গতকাল শনিবার ঢাকায় আসেন।