প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্লেকের বৈঠক
ইউনূসের বিষয়টি সুরাহার সুযোগ এখনো আছে
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সমঝোতার মাধ্যমে সুরাহার সুযোগ এখনো আছে। আর সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হলে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে অগ্রগতি হয়েছে, তা অব্যাহত রাখা সম্ভব হবে।সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক গতকাল রোববার পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ইউনূস প্রসঙ্গে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।রবার্ট ব্লেকের ওই মন্তব্যের ব্যাপারে মিজারুল কায়েস বলেন, ড. ইউনূসের বিষয়টি এখন আদালতে বিচারাধীন। এখানে সরকারের কিছু করার নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনূস প্রসঙ্গে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ব্লেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো, ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়েই কথা হয়েছে। আলোচনায় ইউনূস প্রসঙ্গটিও এসেছে।ব্লেক বলেন, ‘আমাদের প্রত্যাশা, এ ক্ষেত্রে একটি সমঝোতায় পৌঁছানো যাবে, যা গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা ও স্বকীয়তা নিশ্চিত করবে। আমি আশা করি, খুব সফলতার সঙ্গেই সমঝোতায় পৌঁছানো যাবে। আর এ সমঝোতা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি অব্যাহত রাখার সুযোগ করে দেবে।’এ ব্যাপারে প্রধানমন্ত্রী কী বলেছেন—প্রশ্ন করা হলে ব্লেক বলেন, ‘আমি এ বিষয়টি তাঁর (শেখ হাসিনা) ও তাঁর সহকর্মীদের ওপর ছেড়ে দিচ্ছি।’এদিকে ওই বৈঠকে উপস্থিত বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস উলফেনসন বলেছেন, ড. ইউনূসের প্রসঙ্গটি বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ সম্পর্কে কিছুটা নেতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। তাই বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিষয়টির একটি সম্মানজনক সমঝোতা হওয়া উচিত।প্রসঙ্গত, এ অঞ্চলে ক্ষুদ্রঋণ বিষয়ে আলোচনার জন্য উলফেনসন এখন ঢাকা সফরে রয়েছেন।‘এখনো এমডি মনে করে’: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে এখনো গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনে করে যুক্তরাষ্ট্র। গতকাল সন্ধ্যায় রবার্ট ব্লেকের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। তিনি বলেন, ‘এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কিছু ভাবনা রয়েছে, যা আমাকে তিনি (ব্লেক) সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাতে বলেছেন। আমি জানিয়েছি, যখন সুযোগ পাব, পরামর্শগুলো পৌঁছে দেব।’এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব জানান, তাঁর সঙ্গে আলোচনায় ‘সমঝোতা’ শব্দটি আসেনি। তবে আলোচনার সময় পররাষ্ট্রসচিব বলেন, বিষয়টি (ইউনূসকে অব্যাহতি) অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার নয়।বাংলাদেশের জন্য সমঝোতা জরুরি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে রবার্ট ব্লেক ও জেমস উলফেনসন সমঝোতার মাধ্যমে ইউনূসের বিষয়টি সুরাহা করার ওপর জোর দেন। এ সমঝোতার সঙ্গে তাঁরা ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ও বিনিয়োগকে যুক্ত করেন। তবে প্রধানমন্ত্রী তাঁদের জানিয়ে দেন, বিষয়টি এখন আদালতে বিচারাধীন। আর আদালতে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করাটা সমীচীন নয়।বৈঠক সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে, বিশেষ করে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা, জ্বালানি খাতে বিনিয়োগ, মানব পাচার রোধে অগ্রগতি নিয়ে রবার্ট ব্লেক যথেষ্ট সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার ওপর যুক্তরাষ্ট্র বিশেষ অগ্রাধিকার দিয়েছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।বৈঠকে রবার্ট ব্লেক জানান, ড. ইউনূসের ব্যাপারে তাঁর দেশের বিশেষ আগ্রহ রয়েছে। তাই তাঁরা আশা করেন, এ বিষয়ে একটি সমঝোতা হবে। আর বিষয়টির নিষ্পত্তি হলে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব হবে।এরপর উলফেনসন বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার স্বার্থে ড. ইউনূসের বিষয়টির সমঝোতা হওয়া প্রয়োজন। কিন্তু যেভাবে বিষয়টি ঘটেছে, তাতে বাংলাদেশের বাইরে ভুল বার্তা গেছে।বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রবার্ট ব্লেক দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সমঝোতা করতে হলে মুহাম্মদ ইউনূসকে মামলা প্রত্যাহার করে আসতে হবে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেকের সঙ্গে বৈঠক শেষে গতকাল অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। বিকেলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, ‘রবার্ট ব্লেক অধ্যাপক ইউনূস বিষয়ে সম্মানজনক সমাধান চেয়েছেন। আমি বলেছি, সরকারও তা-ই চায়, তবে বিষয়টি আর সরকারের হাতে নেই। কারণ মামলা করা হয়েছে, আদালত ঠিক করবেন।’ তিনি আরও বলেন, ড. ইউনূসকে বলা হয়েছিল তদন্ত কমিটির কাজ চলাকালে ব্যবস্থাপনা পরিচালকের পদ ছেড়ে দিতে। তিনি তা শোনেননি। সেই প্রস্তাব এখনো বহাল আছে।নৈশভোজ: রাতে মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টির বাসভবনে আয়োজিত নৈশভোজে যোগ দেন রবার্ট ব্লেক ও ড. ইউনূস। তাঁরা বিভিন্ন বিষয়ের পাশাপাশি গ্রামীণ ব্যাংক নিয়েও কথা বলেন। তাঁরা আশা করেন, এ বিষয়ে একটি সন্তোষজনক সমাধানে পৌঁছানো যাবে।