ইউনূসের রিট আবেদনের ওপর আদেশ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের বৈধতা নিয়ে হাইকোর্টে মুহাম্মদ ইউনূসের করা রিট আবেদনের ওপর কাল আদেশ দেবেন আদালত। আজ সোমবার বেলা সোয়া দুইটা থেকে বিকেল চারটা ৫০ মিনিট পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়।বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। বিকেল তিনটা ৪০ মিনিট থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চারটা ৫০ মিনিট পর্যন্ত শুনানি করেন। এর আগে শুনানিতে অংশ নেন রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। শুনানিতে তিনি বলেন, ১৯৯৯ সাল থেকে ১২টি বছর পার হয়ে গেছে। এত দিন পরে বাংলাদেশ ব্যাংক বলছে তাঁর (ইউনূস) নিয়োগ অবৈধ। তাহলে এত দিন বাংলাদেশ ব্যাংক তাঁর সঙ্গে যোগাযোগ, লেনদেন করল কীভাবে? আমি এই প্রশ্নের উত্তরগুলো চাচ্ছি। রুল জারি করলে উত্তরগুলো পাওয়া যেত। ২০০৬ সালের নভেম্বরে তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে কি তাঁকে অবৈধ নিয়োগের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? তাহলে কি অবৈধ কার্যকলাপকে বৈধতা দেওয়া হয়ছে? আইন অনুযায়ী গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো ক্ষমতা নেই। আইনে ক্ষমতা নেই। এখন বলছেন, অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। উড়ে এসে জুড়ে বসেছেন? রুল হলে এ বিষয়ে শুনানি হতে পারত। বাংলাদেশ ব্যাংকের বক্তব্য শোনার অধিকার রয়েছে। বাংলাদেশ ব্যাংক চিঠি দিতে পারে। আমাদেরও বাংলাদেশ ব্যাংকের বক্তব্য শোনার অধিকার রয়েছে। পরে বিকেল তিনটা ৪০ মিনিটের দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ১৯৪০ সালে ইউনূস জন্মগ্রহণ করেন। তাঁর ৬০ বছর পূর্ণ হয় ২০০০ সালে। তাহলে বাংলাদেশ ব্যাংক কেন আপত্তি করবে না।শুনানিকালে ইউনূস আদালতে উপস্থিত ছিলেন। পরে বিকেল চারটার দিকে তিনি আদালত থেকে বের হয়ে যান। শুনানিতে অংশ নিয়ে গতকাল মুহাম্মদ ইউনূসের আইনজীবীরা আইনি যুক্তি তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা গ্রামীণ ব্যাংক গঠন, প্রতিষ্ঠানটিকে বিশ্বের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা এবং এর এমডি পদ থেকে সম্মানের সঙ্গে সরে দাঁড়ানোর চেষ্টায় ইউনূসের উদ্যোগ এবং সম্মানের মর্যাদা না পাওয়া প্রসঙ্গে আবেগপূর্ণ বক্তব্য দেন।বাংলাদেশ ব্যাংক গত ২৮ ফেব্রুয়ারি এক চিঠিতে জানায়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মুহাম্মদ ইউনূসের দায়িত্ব পালন আইনগতভাবে বৈধ নয়। এরপর মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক গত বুধবার গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে আরেকটি চিঠি পাঠায়।চিঠিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অনির্দিষ্টকালের জন্য মুহাম্মদ ইউনূসের নিয়োগের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ’৮৩-এর ১৪(১) ধারা অনুসারে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া হয়নি। তাই ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূসের বহাল থাকা বৈধ নয়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হলো।এর পরিপ্রেক্ষিতে পরের দিন বৃহস্পতিবার মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দুটি রিট দায়ের করা হয়। মুহাম্মদ ইউনূস নিজে একটি এবং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আমেনা বেগমসহ নয়জন পরিচালক পৃথক আরেকটি রিট করেন।