ইউনূসের রিট আবেদনের শুনানি কাল দুপুর পর্যন্ত মুলতবি
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের বৈধতা নিয়ে হাইকোর্টে মুহাম্মদ ইউনূসের করা রিট আবেদনের ওপর শুনানি কাল সোমবার দুপুর দুইটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।আজ রোববার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই দফা শুনানি শেষে মুলতবি করেন।আজ বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত শুনানি হয়। মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী মাহমুদুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূসকে ১৯৯০ সালে অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে এই পদে তাঁর নিয়োগ হয়। নতুন করে অনুমোদনের দরকার নেই।তবে বিতর্কের জন্য বলা হচ্ছে, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূসের মেয়াদ ১৯৯৯ সাল পর্যন্ত ছিল। এটা নিয়ে হইচই করা হচ্ছে। বলা হচ্ছে, বয়স পার হয়ে গেছে। তাহলে এই পদে মুহাম্মদ ইউনূস ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত কীভাবে দায়িত্ব পালন করলেন? এই ১২ বছরে অডিট হয়েছে। ব্যাংকের কার্যক্রম চলেছে। এই পদে তাঁর কার্যক্রম পরোক্ষভাবে অনুমোদন দেওয়া হয়েছে। ১২ বছর পর তাঁর দায়িত্ব পালন অবৈধ বলা স্বেচ্ছাচারী ও উদ্দেশ্যমূলক। তিনি রুল জারির আরজি জানান।এরপর আদালত দুপুর দুইটায় শুনানির জন্য সময় ধার্য করেন। দুপুর দুইটায় মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। তিনি আদালতে বিভিন্ন যুক্তি-তর্ক, আইনি ধারা এবং প্রতিষ্ঠানটি গড়ে তুলতে মুহাম্মদ ইউনূস যে পরিশ্রম করেছেন সেই আবেগের বিষয়গুলো তুলে ধরেন। তাঁর বক্তব্যের মাঝে মাঝে আদালত তাঁকে নানা আইনি প্রশ্ন করেন। তিনি সেগুলোর ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করেন। এরপর আদালত কাল দুপুর দুইটা পর্যন্ত শুনানি মুলতবি করেন। প্রসঙ্গত, গত বুধবার বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূসকে অব্যাহতি দিয়ে চিঠি দেয়। পরদিন বৃহস্পতিবার মুহাম্মদ ইউনূস অব্যাহতি আদেশের বিরুদ্ধে আদালতে রিট আবেদন করেন।