ইউনূসের লিভ টু আপিলের শুনানি কাল
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে অব্যাহতির বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের ওপর কাল মঙ্গলবার শুনানি হবে।আজ সোমবার সকাল সাড়ে নয়টায় প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।এর আগে ২৯ মার্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা দুটি আবেদনের (সিএমপি) শুনানি আজ পর্যন্ত মুলতবি করেছিলেন আদালত। গতকাল রোববার বিকেলে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি (লিভ টু আপিল) চেয়ে আবেদন করা হয়। আজ সকাল সোয়া নয়টার দিকে শুনানিতে অংশ নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে আইনজীবী ড. কামাল হোসেন বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়েছে। কিন্তু তা শুনানির জন্য কার্যতালিকায় আসেনি। আগের দুটি আবেদন শুনানির জন্য রয়েছে। এ পর্যায়ে আদালত জানান, লিভ টু আপিলের আবেদন শুনানির জন্য কাল কার্যতালিকায় আসবে।আদালতে শুনানিকালে মুহাম্মদ ইউনূসের পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, সারা হোসেন ও তানিম হোসাইন শাওন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে তৌফিক নেওয়াজ উপস্থিত ছিলেন। আদালত থেকে বের হয়ে কামাল হোসেন প্রথম আলোকে বলেন, নিয়মিত লিভ টু আপিল শুনানির জন্য কাল দিন ধার্য করা হয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। তারও আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী-সম্পর্কিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ-১৯৮৩-এর ১৪(১) ধারার বিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের এমডি পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয়, উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক হাইকোর্টে দুটি রিট আবেদন করেছিলেন ৩ মার্চ। তিন দিন শুনানি শেষে ৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদন দুটি সরাসরি খারিজ করে দেন। এতে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে দুটি আবেদন (সিএমপি) করা হয় ৯ মার্চ। এর পরিপ্রেক্ষিতে ওই দিন চেম্বার বিচারপতি ১৫ মার্চ আবেদন দুটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেন।