ইউনূসের সমর্থনে রাজধানীতে বিশাল মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, উচ্চ আদালতে মুহাম্মদ ইউনূসের রিট আবেদন খারিজ হওয়ায় তারা মর্মাহত। ক্ষুদ্রঋণ দানকারী ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের অব্যাহতির আদেশ চ্যালেঞ্জ করে ওই রিট করা হয়েছিল। তবে কর্তৃপক্ষ বলেছে, আইনজীবীর পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এদিকে মুহাম্মদ ইউনূসের সমর্থনে গতকাল রাজধানীতে একটি মানববন্ধন কর্মসূচিতে প্রতিষ্ঠানটির কয়েক হাজার কর্মী অংশ নেন। আরেকটি মানববন্ধন পুলিশের বাধায় হতে পারেনি।গতকাল মঙ্গলবার আদালতের রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে গ্রামীণ ব্যাংকের তথ্য ও গণমাধ্যম সমন্বয় বিভাগের মহাব্যবস্থাপক জান্নাত-ই-কাওনাইন ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।আদালতের রায়ের প্রতিক্রিয়ায় জান্নাত-ই-কাওনাইন বলেন, ‘আমরা রায় পেয়েছি। আমরা খুবই মর্মাহত। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব। আশা করি, এর মধ্যে কোনোভাবেই গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে না।’ব্যাংকের গণমাধ্যম বিভাগের এ শীর্ষ কর্মকর্তা আরও বলেন, ‘গ্রামীণ ব্যাংকের প্রায় এক কোটি সদস্য ও ২৬ হাজার কর্মী, যাঁরা কঠিন শ্রমের দ্বারা গ্রামীণ ব্যাংককে এ পর্যায়ে নিয়ে এসেছেন এবং তাঁদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য দৃঢ়ভাবে নিয়োজিত আছেন, তাঁদের পরিকল্পনা ব্যাহত হবে না।’মানববন্ধন ও পুলিশের বাধা: এদিকে নোবেল বিজয়ী ইউনূসের রিট খারিজ করে দেওয়া আদালতের রায়ের প্রতিবাদে গতকাল বিকেলে মিরপুরে মানববন্ধন করেন গ্রামীণ ব্যাংকের কর্মীরা। মিরপুর স্টেডিয়াম থেকে সনি সিনেমা হলের সামনে পর্যন্ত ফুটপাতে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্তরের কয়েক হাজার কর্মী ও প্রতিষ্ঠানটিতে যুক্ত বিভিন্ন দেশের শিক্ষানবিশ কর্মীরা এতে যোগ দেন। প্রায় এক ঘণ্টার এ কর্মসূচি চলার সময় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। শুরুতে পুলিশ খুব বেশি না থাকলেও মানববন্ধনটির আকার ক্রমশ বড় হওয়ায় শেষ পর্যায়ে বেশ কিছু বাড়তি পুলিশ আনা হয়।হাইকোর্টে রিট আবেদনকে কেন্দ্র করে সম্ভাব্য গোলযোগের আশঙ্কায় সকাল থেকেই মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে পুলিশের কড়া পাহারা ছিল। পুলিশ জানায়, আদালতের আদেশের পর যাতে কোনো নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি না হয় সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই আগাম নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।মুক্তাঙ্গনে মানববন্ধনে বাধা: মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দিয়ে জারি করা আদেশ প্রত্যাহারের দাবিতে মুক্তাঙ্গনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছিল ‘বাংলাদেশ ও নোবেল বিজয়ী ড. ইউনূসের সম্মান রক্ষা নাগরিক কমিটি’। ঘোষিত সময় অনুযায়ী বিকেল চারটায় মানববন্ধন করতে গেলে পুলিশ সমবেতদের ছত্রভঙ্গ করে দেয়। ছিনিয়ে নেওয়া হয় ব্যানার ও মাইক। কর্মসূচিতে যোগদানকারীরা এরপর মিছিল করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে ফের মানববন্ধন করার চেষ্টা করেন। পুলিশ আবার তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।