ইউনূসের সম্মান ও গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগ
গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তাকে রাজনৈতিকভাবে সংঘটিত বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং বেসরকারি সংগঠনের সমন্বয়ে গঠিত ফ্রেন্ডস অব গ্রামীণ। ফ্রেন্ডস অব গ্রামীণ নামে নবগঠিত এই ফোরাম গতকাল বুধবার প্যারিস থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিবিসি অনলাইন ও ক্ষুদ্রঋণ-বিষয়ক ওয়েবসাইট মাইক্রো ফাইন্যান্স ফোকাসে এ ব্যাপারে খবর প্রকাশিত হয়েছে।বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ফ্রেন্ডস অব গ্রামীণের সভাপতি এবং আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার-বিষয়ক কমিশনার মেরি রবিনসন ওই বিজ্ঞপ্তিতে বলেছেন, অধ্যাপক ইউনূস ও তাঁর গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ভুল তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। ইউনূস ও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে এ মারমুখী আচরণের প্রতিবাদ জানাতেই তাঁরা সংগঠনটি তৈরি করেছেন। ক্ষুদ্রঋণ-বিষয়ক ওয়েবসাইট মাইক্রো ফাইন্যান্স ফোকাস সূত্রে জানা গেছে, ১১ ফেব্রুয়ারি ফ্রেন্ডস অব গ্রামীণ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। ৫০টি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এবং বেশ কয়েকজন খ্যাতিমান ব্যক্তিকে নিয়ে ফরাসি আইনের অধীনে ফোরামটি গঠিত হয়েছে। এই ফোরামের সভাপতির দায়িত্বে আছেন আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন। সংগঠনটির কমিটিতে আরও রয়েছেন, ভারতের সাবেক প্রধান বিচারপতি জগদীশ শরন ভার্মা, বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস ডি উলফেনসন প্রমুখ।ফ্রেন্ডস অব গ্রামীণের গতকালের বিবৃতিতে মেরি রবিনসন বলেছেন, তাঁদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে, অধ্যাপক ইউনূসের সম্মান ও গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা রক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করা। বিবৃতিতে রবিনসন বলেছেন, অধ্যাপক ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ওপর যে অব্যাহত হামলা হচ্ছে, তাতে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন।বিবিসির খবরে বলা হয়েছে, ফ্রেন্ডস অব গ্রামীণ মনে করে, অধ্যাপক ইউনূস ও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ‘রাজনৈতিকভাবে’ এসব হামলা সমন্বয় করা হচ্ছে। মাইক্রো ফাইন্যান্স ফোকাস ওয়েবসাইটে আইনজীবী কামাল হোসেনের উদ্ধৃতি দিয়ে এ সম্পর্কে তাঁর একটি বক্তব্যও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের প্রত্যেক নাগরিক গ্রামীণ ব্যাংককে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানটি তাদের উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে দেশের লাখ লাখ দরিদ্র নারীকে আত্মনির্ভর ও মর্যাদাসম্পন্ন করে তুলেছে। এটা সম্ভব হয়েছে মুহাম্মদ ইউনূসের উত্সাহ ও নির্দেশনায়। কামাল হোসেন আরও বলেন, ‘এ প্রতিষ্ঠানটিকে রক্ষা করতে আমাদের সবার একত্রিত হওয়া দরকার।’ফ্রেন্ডস অব গ্রামীণের বিজ্ঞপ্তির ভিত্তিতে বিবিসি জানিয়েছে, ওই ফোরামের মূল উদ্দেশ্য ক্ষুদ্রঋণ ও সামাজিক উন্নয়ন-বিষয়ক কর্মকাণ্ডকে আরও উত্সাহিত করা। সেই দৃষ্টিকোণ থেকেই তারা গ্রামীণ ব্যাংক এবং এর সহযোগী সংস্থাগুলোর কর্মকাণ্ডকে আরও উত্সাহিত করতে আগ্রহী।সম্প্রতি গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্ক ওঠে। গত বছর নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে গ্রামীণ ব্যাংক নিয়ে একটি তথ্যচিত্র প্রচারের পর প্রতিষ্ঠানটি আলোচনায় আসে। তথ্যচিত্রে অভিযোগ করা হয়, অধ্যাপক ইউনূস ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে সাহায্যের অর্থ অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের অন্য প্রকল্পে স্থানান্তর করেন। তবে গ্রামীণ ব্যাংক এ অভিযোগ অস্বীকার করে।পরে নরওয়ে সরকার এক বিবৃতিতে জানায়, বিষয়টি আগেই মীমাংসা হয়ে গেছে। এর পরও বাংলাদেশ সরকার গত মাসে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি মূল্যায়ন কমিটি গঠন করে। এ পরিপ্রেক্ষিতে গত সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিবিসিকে জানান, তিনি মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের প্রধানের পদ থেকে অবসর নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ইউনূস অর্থমন্ত্রীর সে আহ্বানে সাড়া দেননি। অর্থমন্ত্রী বলেছেন, বেসরকারি ব্যাংকের নির্বাহী প্রধান হিসেবে অধ্যাপক ইউনূস তাঁর অবসরের স্বাভাবিক বয়ঃসীমা পেরিয়ে গেছেন।অর্থমন্ত্রী বিবিসিকে আরও বলেন, অধ্যাপক ইউনূসের ব্যাপারে সরকারের এ পদক্ষেপ মোটেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়। মুহাম্মদ ইউনূস প্রায় তিন দশক আগে বাংলাদেশের গরিব জনগোষ্ঠীর মধ্যে ক্ষুদ্রঋণ প্রদানের উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। সম্প্রতি তিনি তাঁর কার্যক্রম নিয়ে সরকারের রোষানলে পড়েন।১৫ ফেব্রুয়ারি পাবনার আদালতে প্রতারণা অভিযোগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়। অধ্যাপক ইউনূসসহ অন্যদের ওই মামলায় আগামী ১৮ মে আদালতে হাজির হতে বলা হয়েছে।গত ১০ জানুয়ারি ঢাকার খাদ্য আদালতে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগে মামলা হয়। সে মামলায়ও তিনি জামিন পেয়েছে। এ ছাড়া ময়মনসিংহে ২০০৭ সালে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা হয়। ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।