ইউনূসের ‘পিছে লাগা’ ঠেকাতে ঢাকাকে সাহায্য বন্ধের হুমকি দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম গ্রামীণ ব্যাংক এবং ড. মুহাম্মদ ইউনূসের ‘পিছে লাগা’ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতি বাংলাদেশ সরকারকে সাহায্য বন্ধের হুমকি দেওয়ার দাবি জানিয়েছেন। গত মঙ্গলবার মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল-এ লেখা এক নিবন্ধে তিনি এ দাবি জানান।‘ঢাকা ফোরক্লোজেজ দ্য গ্রামীণ ব্র্যান্ড’ শিরোনামের ওই নিবন্ধে মাইলাম লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সরকারগুলোকে দ্বিপক্ষীয় সব সহযোগিতা বন্ধের হুমকি দিতে হবে। একই কাজ করতে হবে বিশ্বব্যাংকের মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকেও। দুই দশক আগে ঢাকায় কূটনীতিকের দায়িত্ব পালনকারী মাইলাম লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্যান্য দেশের সরকারগুলোর কথায় কর্ণপাত করতে দেখা যায়নি। তিনি তাঁর (শেখ হাসিনা) সিদ্ধান্তে অনড় রয়েছেন।নিবন্ধের শুরুতেই মাইলাম লিখেছেন, ‘বাংলাদেশে গত ১৮ মাসে সে দেশের সরকারের একটি অপচ্ছায়া গ্রামীণ ব্যাংক এবং এর প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।’মাইলাম লেখেন, ‘ইউনূস এই হুমকির বিষয়টি বুঝতে পারছিলেন। কিন্তু চলতি মাসে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার চূড়ান্তভাবে তার হাত দেখিয়ে দিয়েছে।’ সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন, ‘তাঁর (শেখ হাসিনা) মন্ত্রিসভা ক্ষুদ্রঋণগ্রহীতাদের নির্বাচিত বোর্ড অব ট্রাস্টিকে দূরে ঠেলে সরকারের নিয়োগ করা একজন চেয়ারম্যানকে একটি সিলেকশন কমিটি ঘোষণা করার ক্ষমতা দেয়। এ কমিটি শিগগিরই নতুন একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করবে।’ মাইলাম বলেন, সরকারের নেওয়া সর্বশেষ পদক্ষেপ ইউনূসের বিরুদ্ধে কুৎসা রটানোর একটি নতুন অধ্যায়। এটিকে ড. ইউনূসের সততা প্রশ্নবিদ্ধ করার হীন চেষ্টা বলেও মন্তব্য করেছেন মাইলাম। মাইলাম মনে করেন, গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো গরিব মানুষকে সুদখোর মহাজনদের হাত থেকে মুক্তি দিয়েছে।ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার পাওয়ার কথাও মনে করিয়ে দেন মাইলাম। ইউনূসকে নিয়ে সরকারের নীতিনির্ধারকদের বিভিন্ন মন্তব্যের কথা স্মরণ করে মাইলাম বলেন, বাংলাদেশের বিশিষ্টজনদের অনেকেই তাঁকে জানিয়েছেন, যেকোনো মূল্যে আওয়ামী লীগ সরকার ইউনূসকে সরাতে চায়।২০১১ সালে ঢাকা সফর শেষে ফিরেই গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নিজের শঙ্কার কথা ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছিলেন বলে এই কূটনীতিক তাঁর কলামে লিখেছেন। তিনি লিখেছেন, তখন তাঁর উদ্বেগের বিষয়টি মার্কিন কর্মকর্তারা আঁচ করতে পারেননি। এখন বাংলাদেশের মন্ত্রিসভার সিদ্ধান্তের পর তাঁকে বলা হয়েছে, এ নিয়ে কাজ শুরু করেছেন ওয়াশিংটনের কর্মকর্তারা।