ইউনেসকোর তহবিল বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ডেস্ক:aআগেই দেওয়া হুঁশিয়ারি অনুযায়ী জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থাকে (ইউনেসকো) তহবিল দেওয়া বন্ধ ঘোষণা করেছে ওয়াশিংটন। ইউনেসকো ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র গত সোমবার এ ঘোষণা দেয়।ওই দিনই ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটির পর গৃহীত প্রস্তাবে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।হুঁশিয়ারি উপেক্ষা করে ফিলিস্তিনকে ইউনেসকোর সদস্য করায় যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দেশটির পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘ফিলিস্তিনকে ইউনেসকোর সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আজকের (সোমবার) ভোট দুর্ভাগ্যজনক, অপরিপক্ব এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে উপেক্ষার শামিল।’পরে সংবাদ সম্মেলনে নুল্যান্ড বলেন, ‘ইউনেসকোকে সহায়তা বন্ধ করে দেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় নেই। এই নভেম্বরেই সংস্থাটিকে যুক্তরাষ্ট্রের ছয় কোটি ডলার দেওয়ার কথা ছিল। কিন্তু এখন আমরা আর তা দিচ্ছি না।’ইউনেসকোর মোট বাজেটের প্রায় এক-চতুর্থাংশ জোগায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, জাতিসংঘের অন্য কোনো সংস্থা ফিলিস্তিনিদের পূর্ণ সদস্যপদ দিলে তাদের প্রাপ্য অর্থের ক্ষেত্রেও একই অবস্থা হবে।ইউনেসকোতে সোমবারের ভোটাভুটির আগে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছিল, ফিলিস্তিনকে সদস্য করা হলে তারা অর্থ দেওয়া বন্ধ করে দেবে। যুক্তরাষ্ট্রের যুক্তি, শান্তি-প্রক্রিয়ায় প্রকৃত অগ্রগতির জন্য ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যে কঠিন দরকষাকষি হওয়া প্রয়োজন, ফিলিস্তিনের এ ধরনের সদস্যপদ তাকে ব্যাহত করবে।ইউনেসকোর পূর্ণ সদস্যপদ পাওয়ার মাধ্যমে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এবারই প্রথম জাতিসংঘের কোনো সংস্থার পূর্ণ সদস্যপদ পেল তারা।ইউনেসকোর সদস্যপদ প্রশ্নে ফিলিস্তিনের পক্ষে ১০৭ ও বিপক্ষে ১৪ ভোট পড়ে। জাপান, ব্রিটেনসহ ৫২টি দেশ ভোটদানে বিরত থাকে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ছাড়াও ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেয় কানাডা, অস্ট্রেলিয়া ও জার্মানি।এর আগে ইউনেসকোর পূর্ণ সদস্যপদ লাভের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বরাত দিয়ে তাঁর মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেন, ‘এ ঘটনার মধ্য দিয়ে অধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতার বিজয় হয়েছে।’অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত নিমরোদ বারকান বলেন, ‘একটি অস্তিত্বহীন দেশকে জাতিসংঘের বিজ্ঞানবিষয়ক সংস্থার সদস্যপদ দেওয়ার মধ্য দিয়ে একটি বাস্তব কাহিনির বৈজ্ঞানিক কল্পকাহিনি সংস্করণ করা হয়েছে।এর আগে গত ২৩ সেপ্টেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে আবেদন করে ফিলিস্তিন। এ বিষয়ে নিরাপত্তা পরিষদে এ মাসেই ভোটাভুটি হবে। তবে যুক্তরাষ্ট্র জানিয়ে রেখেছে, তারা ওই প্রস্তাবে ভেটো দেবে। এএফপি ও রয়টার্স।