ইউপি ও পৌর নির্বাচন মে থেকে শুরু করার উদ্যোগ
মে মাস থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন শুরু হতে পারে। নির্বাচন কমিশন এ বছর ইউপি ও পৌরসভার নির্বাচন করা সম্ভব নয় বললেও সরকারের সর্বোচ্চ পর্যায়ের ইচ্ছায় স্থানীয় সরকারের এ দুটি গুরুত্বপূর্ণ স্তরের নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুই বছর আগে দেশের প্রায় ৯৯ শতাংশ ইউনিয়ন পরিষদ, পৌরসভা মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে। একইভাবে ঢাকা সিটি করপোরেশনও বছর দুয়েক আগে মেয়াদোত্তীর্ণ হয়।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এবং নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ডিসেম্বরের আগে ইউপি ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে গণমাধ্যমে মত প্রকাশ করেছিলেন।মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ায় সরকারি দলের পক্ষ থেকে কয়েক মাস ধরেই ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য সরকারের শীর্ষ পর্যায়ে তাগিদ দেওয়া হয়। আওয়ামী লীগের সংসদীয় দলের বেশ কয়েকটি সভায় সাংসদেরা এ দুটি নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি করেন। কিন্তু আইন না থাকায় নির্বাচন করা সম্ভব হচ্ছিল না।গত বছরের অক্টোবরে ইউপি, পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংসদে পাস হয়। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে নির্বাচনের ব্যবস্থা করার অনুরোধ করা হয়। নির্বাচন কমিশন মার্চে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন করার কথা বললেও ইউপি ও পৌর নির্বাচন ডিসেম্বরের পর করার পক্ষে মত দেয়।এ অবস্থায় গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বৈঠক হয়। সূত্রমতে, বৈঠকে সরকারের পক্ষ থেকে মে মাসের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন শেষ করার তাগিদ দেওয়া হয়। নির্বাচন কমিশন সরকারের দেওয়া সময়ের মধ্যেই ইউপি ও পৌরসভা নির্বাচন করার পক্ষে সম্মতি দেয়।যোগাযোগ করা হলে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করেন। কবে নাগাদ ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন হবে জানতে চাইলে তিনি বলেন, মে মাসে ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হবে এবং জুন-জুলাই পর্যন্ত চলবে। পৌরসভা নির্বাচন আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে শেষ করা সম্ভব বলে জানান তিনি।স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা চার হাজার ৪৯৯। ২০০৩ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ ইউপি নির্বাচন হয়। পাঁচ বছর মেয়াদি ইউনিয়ন পরিষদ ২০০৮ সালের ফেব্রুয়ারিতে মেয়াদ পূর্ণ করে। কয়েকটি ইউনিয়ন পরিষদে সীমানাসংক্রান্ত মামলার জন্য নির্বাচন হচ্ছে না।মন্ত্রণালয় সূত্র জানায়, সারা দেশে ৩০৯টি পৌরসভা আছে। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর ২০০২ সালে পৌরসভার নির্বাচন হয়। আড়াই বছরেরও বেশি সময় ধরে প্রায় তিন শ মেয়াদোত্তীর্ণ পৌরসভায় নির্বাচন হচ্ছে না। কয়েকটি পৌরসভায় প্রশাসক নিয়োগ নিয়ে মামলা আছে।আইন প্রণয়নের পরও কেন মেয়াদোত্তীর্ণ ইউপি ও পৌরসভায় নির্বাচন হচ্ছে না জানতে চাইলে স্থানীয় সরকার সচিব মঞ্জুর আহমেদ প্রথম আলোকে বলেন, নির্বাচনের জন্য অনেক আগেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। কেন নির্বাচন হচ্ছে না, তা বলা যাচ্ছে না। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মেয়াদোত্তীর্ণ ইউপি ও পৌরসভার তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।