ইউপি চেয়ারম্যান মলয় হত্যা মামলায় নয়জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মলয় বোস (৪৫) হত্যা মামলায় নয়জনকে মৃত্যুদণ্ড এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এ রায় দেন।এ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, মোট ৩০ জন আসামির মধ্যে একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও আটজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মৃত্যদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: সালথা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও গোট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন ওরফে তারা মিয়া (৬৬), আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বকুল মাতুব্বর (৩৩), মিজানুর মোল্লা (২৩), মামুন মাতুব্বর (২৪), হাশেম মোল্ল¬া (৪৮), মনিরুজ্জামান (২৯), মো. বেলায়েত হোসেন (২৩), উজ্জ্বল ব্যাপারী (২৯) ও মোশাররফ হোসেন (২৩)। এর মধ্যে মনিরুজ্জামান ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।যাবজ্জীবন দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: আজাদ মোল্ল¬া (৩৮), সোহেল মিয়া (২৬), আমিনুল মাতুব্বর (৩৬), সাত্তার মোল্ল¬া (২৫), নজরুল শেখ (২৮), নসরু খান (২৯), হাতেম মোল্ল¬া (৪৫), অলিয়ার রহমান (২৬), ইমরান মাতুব্বর (২৫), আককাস সিকদার (২০), মিরাজ সর্দার (২৮) ও সেন্টু মাতুব্বর (২২)।জাহাঙ্গীর ফকিরকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।বেকসুর খালাস পাওয়া ব্যক্তিরা হলেন: ওমর শেখ, আসাদ মাতুব্বর, বাবুল ফকির, দেলোয়ার মোল্লা, সলেমান খান, শাহিদ মোল্ল¬া, ফিরোজ খান ও আমিনুল মোল্লা।গত বছরের ৭ ফেব্রুয়ারি মলয় বসুকে জেলার আটঘর-কানাইপুরের সীমান্তবর্তী রণকাইল এলাকার ধীরেন্দ্রনাথ দাসের বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয়। দুই দিন পর ৯ ফেব্রুয়ারি মলয় বসুর স্ত্রী ববিতা বসু বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। ফরিদপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আবু বকর তদন্ত শেষে ৩০ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪-এ স্থানান্তর করা হয়।