ইউপি চেয়ারম্যান, যুবলীগ নেতা, সেনাসদস্যসহ পাঁচজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামকে (৪২) গত শনিবার রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ সময় ইউপি চেয়ারম্যানের এক সঙ্গী এনামুল কবিরকেও (৩৫) খুন করা হয়। এদিকে ফরিদপুর শহরে গতকাল রোববার ভোরে লিটন মোল্যা (৪০) নামের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।বগুড়া শহরতলির মাটিডালি মোড়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শনিবার মধ্যরাতে কয়েকজন যুবকের ছুরিকাঘাতে যুবলীগের নেতা শফিক চৌধুরী (৩৫) খুন হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ মেলা বন্ধ করে দিয়েছে। এ ছাড়া রংপুরে গতকাল ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সেনাবাহিনীর সদস্য আসাদুল ইসলাম (৩০) খুন হয়েছেন। বাণিজ্য মেলায় যুবলীগ নেতা খুন: প্রত্যক্ষদর্শী ও বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, নিহত শফিক বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মানিকচক গ্রামের আবদুর রহমান চৌধুরীর ছেলে। শনিবার রাত ১১টার দিকে শফিকের চাচাতো ভাই রাসেল বাণিজ্য মেলায় প্রবেশের সময় ফটকে থাকা কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে যুবকেরা রাসেলকে কিল-ঘুষি মারে। রাসেল ঘটনাটি শফিককে জানালে তিনি মেলায় ঢুকে চিত্কার করে জানতে চান, তাঁর ভাইকে কে মেরেছে। এ সময় মেলার লোকজন তাঁকে বুঝিয়ে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেলার ফটকের বাইরে একদল যুবক শফিক ও রাসেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টায় শফিককে মৃত ঘোষণা করেন। রাসেলের অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনার পরপরই পুলিশ মেলা বন্ধ করে দিয়েছে। মেলা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, মেলায় প্রবেশকে কেন্দ্র করে ওই হত্যাকাণ্ড ঘটেছে। শনিবার রাতেই মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। বগুড়া চেম্বারের উদ্যোগে ১ মার্চ এই মেলা শুরু হয়। উদ্বোধনের পর থেকে মেলায় হাউজি, পুতুলনাচ ও সার্কাসে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে মেলা বন্ধের দাবি জানায় বিভিন্ন মহল। তা সত্ত্বেও মেলা বন্ধ করা হয়নি।ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান সিরাজুল তাঁর সঙ্গী এনামুলকে নিয়ে নবাবগঞ্জ উপজেলা সদর থেকে রামভদ্রপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে ডানশের ঘাট এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সিরাজুল ও এনামুলকে হত্যা করে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজুল ও এনামুলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহ্ আলমগীর গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ওই এলাকায় চেয়ারম্যানের পরিবার এবং সেনা-পরিবারের দ্বন্দ্ব দীর্ঘদিনের। নবাবগঞ্জ থানার ওসি মো. খালেদ হোসেন জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ সেনা-পরিবারের সদস্য রতি, মকবুল, জাহেদুল, রমজান আলী ও সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে গতকাল বিকেল পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। দিনাজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসান মো. শওকত আলী জানান, ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমিত চৌধুরী ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ছুরিকাঘাতে সেনাসদস্য খুন: রংপুর পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সেনাসদস্য আসাদুলের বাড়ি টাঙ্গাইল জেলায়। কর্মস্থল খাগড়াছড়িতে। তাঁর শ্বশুরবাড়ি রংপুরের মুলাটোলপাড়ায়। স্ত্রীর সঙ্গে দেখা করতে কর্মস্থল থেকে শ্বশুরবাড়ির উদ্দেশে যাত্রা করে গতকাল ভোরে তিনি রংপুরের কামারপাড়ায় ঢাকা বাসস্ট্যান্ডে নামেন। রিকশাযোগে মুলাটোলপাড়ায় যাওয়ার পথে গণেশপুরপাড়ায় ছিনতাইকারীরা তাঁর পথরোধ করে। আসাদুলের কাছ থেকে মালামাল ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রংপুর কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ সরকার জানান, এ ঘটনায় নিহত সেনাসদস্যের বড় ভাই কোরবান আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। গতকাল রাত আটটা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইউপি সদস্যের লাশ উদ্ধার: গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ কাঁচাবাজার ও বায়তুল মোকাদ্দেম মসজিদের সামনের রাস্তার পাশ থেকে ইউপি সদস্য লিটন মোল্লার লাশ উদ্ধার করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ওমর আলী জানান, লিটন মোল্লা ভাঙ্গা উপজেলার সদরদি ইউনিয়ন পরিষদের সদস্য। তাঁর বাড়ি ওই ইউনিয়নের আদিলদ্দি মোল্লারডাঙ্গি গ্রামে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। লিটনের ভাই রিপন মোল্লা জানান, লিটন শনিবার ফরিদপুর শহরে আসেন। শনিবার রাতেই তাঁর বাড়ি ফেরার কথা ছিল।[এই প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, বগুড়া ও রংপুর; ফরিদপুর ও দিনাজপুর অফিস; হাকিমপুর প্রতিনিধি]