ইউপি চেয়ারম্যান অপহরণ, বিএনপির র‌্যাব কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীর বিএনপি নেতা ও করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কয়েকজন লোক অস্ত্রের মুখে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে গাজীপুর সদরে মাইক্রোবাস থেকে নামিয়ে অন্য একটি গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয়। ওই চেয়ারম্যানের নাম নজরুল ইসলাম ওরফে বাচা।র‌্যাব সদস্যরা চেয়ারম্যানকে নিয়ে গেছেন বলে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও তাঁর স্বজনেরা অভিযোগ করছেন। তাঁকে ফিরিয়ে দেওয়ার দাবিতে দলের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চান্দগাঁওয়ে র‌্যাব কার্যালয়ের সামনে অবস্থান নেন। তবে র‌্যাব অভিযোগ অস্বীকার করেছে। র‌্যাব কার্যালয় অবরোধের অভিযোগে ঘটনাস্থল থেকে অন্তত সাতজনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, নজরুলের বিরুদ্ধে বোয়ালখালী থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করা রয়েছে। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের অনুসারী। নজরুল এক কমিটির সভাপতি। বোয়ালখালীতে বিএনপির আরেকটি কমিটি আছে। তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর অনুসারী বলে পরিচিত।নজরুলের বড় ভাই জাহিদুল হক মাইক্রোবাসের চালক মো. বাবুলের বরাত দিয়ে বলেন, ‘নজরুলকে বহনকারী মাইক্রোবাস ঢাকার ফার্মগেট থেকে গাজীপুরে যাচ্ছিল। রাত পৌনে আটটার দিকে জয়দেবপুরের বাগড়া বাইপাস সড়কের চৌরাস্তা মোড়ে গাড়িটি যানজটে আটকে পড়ে। এ সময় অজ্ঞাতনামা চার-পাঁচজন লোক নজরুলকে অস্ত্রের মুখে অন্য একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর কোনো খবর পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নজরুলকে র‌্যাব নিয়ে গেছে—এমন অভিযোগ এনে বিএনপির নেতা-কর্মীরা গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে র‌্যাব কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় চট্টগ্রাম শহরের সঙ্গে কাপ্তাই ও কালুরঘাটের সড়ক যোগাযোগ ২০-২৫ মিনিটের জন্য বন্ধ ছিল। ফলে ওই সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে র‌্যাব সদস্যরা লাঠিপেটা করলে তাঁরা সেখান থেকে সরে যান। এ সময় দুই পথচারী আহত হন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসাইন ইউপি চেয়ারম্যান নজরুলকে র‌্যাব হেফাজতে নেওয়ার অভিযোগে বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নজরুল নিখোঁজ হওয়া বা তাঁকে কেউ নিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। ভুল তথ্যের ভিত্তিতে তাঁর অনুসারীরা চান্দগাঁও র‌্যাব কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ ঘটনায় উসকানিদাতা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ জানা গেছে, গতকাল সন্ধ্যায় র‌্যাব কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। তাঁদের পরিচয় জানা যায়নি। তবে র‌্যাবের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাত-আটজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, হঠাৎ কিছু লোক চান্দগাঁও র‌্যাব কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা সরে গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।নজরুলের পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলেকে কে বা কারা নিয়ে যাওয়ার খবর শোনার পর থেকে নজরুলের বৃদ্ধ মা শামসুন নাহার কান্নাকাটি করছেন। তিনি বলছেন, ‘বাপরে, কনডে আছিস অ্যারে দেহা দে। আঁই তো আর থাঁইত নপারির।’ জানা গেছে, এ ঘটনায় সোমবার রাত একটার দিকে গাড়িচালক বাবুল বাদী হয়ে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।বিএনপির সংবাদ সম্মেলন: চান্দগাঁও র‌্যাব কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের আটক ও লাঠিপেটা করার প্রতিবাদে দক্ষিণ জেলা বিএনপির নেতারা গতকাল রাতে সংবাদ সম্মেলন করেন। এতে নেতারা নেতা-কর্মীদের লাঠিপেটার ঘটনার নিন্দা জানিয়ে দাবি করেন, নজরুল ইসলাম কোথায়, কীভাবে আছেন—সরকারকে তার ব্যাখ্যা দিতে হবে।চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, র‌্যাবের সদস্যরা তাঁকে আটক করে রেখেছে—এ তথ্যের ভিত্তিতে তাঁর ইউনিয়নের বাসিন্দা ও দলীয় লোকজন র‌্যাবের চান্দগাঁও কার্যালয়ের সামনে যায়। সেখানে তাঁদের বেধড়ক মারধর করা হয়।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও চেয়ারম্যান নজরুলের স্ত্রী সামিন আরা সিদ্দিকী।