প্রথম আলোর অভয়নগর প্রতিনিধি মাসুদ আলমের ওপর হামলার মূল নায়ক সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাসের দুর্নীতির তদন্ত শুরু হয়েছে।জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস প্রকল্পের টাকা নয়-ছয়ের অভিযোগ নিয়ে যে প্রতিবেদনটি প্রকাশের কারণে মাসুদকে মারধর করা হয়, তার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এদিকে পরিতোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আরেকটি তদন্ত চলছে।সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি-২) আওতায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমনে ঝুঁকি হ্রাস প্রকল্পের টাকা নয়-ছয়ের অভিযোগ নিয়ে মাসুদ আলমের লেখা একটি অনুসন্ধানী প্রতিবেদন গত ২০ মার্চ প্রথম আলোয় প্রকাশিত হয়। এ কারণে ক্ষিপ্ত পরিতোষ গত ২৮ মার্চ মাসুদ আলমের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেন বলে এক অনুসন্ধানে জানা যায়। সন্ত্রাসীরা মাসুদের বাঁ হাত ও বাঁ পা ভেঙে দেয়। এ ঘটনায় পরিতোষকে প্রধান আসামি করে ছয়জনের নামে অভয়নগর থানায় মামলা করা হয়। তদন্তে অগ্রগতি না হওয়ায় যশোরের পুলিশ সুপারের হস্তক্ষেপে মামলাটি গোয়েন্দা শাখায় নিয়ে যাওয়া হয়। সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির গ্রামীণ ঝুঁকি হ্রাস বিশেষজ্ঞ মোহাম্মাদ শাহাদত হোসেন মাহমুদ জানান, প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে যেসব অভিযোগ উঠে এসেছে, সেগুলো তাঁরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তাই অভিযোগ তদন্তের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি করা হয়েছে। কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে।জেলা প্রশাসন সূত্র জানায়, পরিতোষের বিরুদ্ধে পাওয়া অনেকগুলো অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর এখন অধিকতর তদন্ত শুরু হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০১১-২০১২ অর্থবছরে ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) চক্রে সুন্দলী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের উপকারভোগীর খাদ্যশস্য না পাওয়া, ইউনিয়ন পরিষদের জন্য নতুনের পরিবর্তে পুরোনো ফটোকপি মেশিন কেনা, ভূমি হস্তান্তর থেকে ১ শতাংশ হারে পাওয়া দুই লাখ ২৮ হাজার ৫০০ টাকার কোনো কাজ না করা, ১১৮ জন হতদরিদ্রের এক হাজার ৬২ কেজি চাল বিতরণ না করে বিক্রি করে দেওয়া, পাঁচ মেট্রিক টন বীজ বিতরণ না করে বিক্রি করে দেওয়া, আশুতোষের বাড়ি থেকে বিজয় মল্লিকের বাড়ি পর্যন্ত রাস্তার জন্য বরাদ্দ সাত মেট্রিক টন চালের পুরোটাই আত্মসাৎ করা, সুন্দলী জিয়ালহালী রাস্তা নির্মাণের কাজ সঠিকভাবে না করা, সুন্দলী ইউনিয়নের জন্য বরাদ্দ ৮৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণের সময় মেম্বারদের কাছ থেকে প্রতি টন বরাদ্দে পাঁচ হাজার টাকা আদায় করা ইত্যাদি।যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান পরিতোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক দিনের। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়। বর্তমানে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) অধিকতর তদন্তের কাজ করছেন।অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. জহুরুল হক তদন্তের জন্য ৩০ এপ্রিল সরেজমিনে সুন্দলী ইউনিয়নে গিয়েছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, অভিযোগের দুটি ভাগ রয়েছে। একটি ভিজিডি চক্রে সুন্দলী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ১১ জন উপকারভোগীর খাদ্যশস্য না পাওয়ার বিষয়ে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে যে অনিয়মগুলো পেয়েছেন, সেগুলো তিনি আরও খতিয়ে দেখছেন। অন্য অভিযোগগুলো তদন্তে সময় লাগবে।চেয়ারম্যান পরিতোষ এসব অভিযোগ বানোয়াট বলে দাবি করেন। তাঁর দাবি, এগুলো এরই মধ্যে সমাধানও হয়ে গেছে। এখন অকারণে পুরোনো অভিযোগ নিয়ে টানাটানি করা হচ্ছে।আরেক সাংবাদিককে হুমকি: দৈনিক সময়ের খবর পত্রিকার নওয়াপাড়া প্রতিনিধি হারুন-অর রশীদকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস। সম্প্রতি সুন্দলী ইউনিয়নে বিভিন্ন প্রকল্পে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে পরিতোষ তাঁকে হুমকি দেন। এ ব্যাপারে অভয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।