ইউপি চেয়ারম্যানসহ তিনজন নৃশংসভাবে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ খেয়াঘাট এলাকায় আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামসহ তিনজনকে জনসম্মুখে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁদের মধ্যে চেয়ারম্যানসহ দুজনকে গুলির পর জবাই করে তাঁদের লাশ নদীতে ফেলে দেওয়া হয়। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে সাত-আটজন দুর্বৃত্ত জনসম্মুখে একটি নৌকার ওপর এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। দুর্বৃত্তরা হত্যাকাণ্ডের পর চেয়ারম্যানের মাথা নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নুরুল ইসলাম ছিলেন খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান। তিনি একই উপজেলার কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। নিহত বাকি দুজন আমবাড়িয়ার বাসিন্দা আফজাল আলী ও ভুট্টু। প্রত্যক্ষদর্শী নৌকার মাঝি আবু হানিফ প্রথম আলো ডটকমকে জানান, বেলা দুইটার দিকে তিনি পাবনার চরসাধিপুর খেয়াঘাট থেকে নৌকা নিয়ে শিলাইদহ খেয়াঘাটের দিকে যাচ্ছিলেন। নৌকায় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ছাড়াও প্রায় দেড় শ যাত্রী ছিল। পদ্মা নদীর মাঝামাঝি পৌঁছালে সাত-আটজন অস্ত্রধারী একটি ইঞ্জিনচালিত নৌকায় এসে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে তাঁদের নৌকার গতিরোধ করে। কয়েক মিনিটের মধ্যেই তারা চেয়ারম্যানকে বহনকারী নৌকায় উঠে পড়ে। মাঝি আবু হানিফ আরও জানান, নৌকায় ওঠার পর দুর্বৃত্তরা অস্ত্র উঁচিয়ে যাত্রীদের ভয় দেখায় এবং মাথা নিচু করে থাকতে বলে। এরপর দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান ও বাকি দুজনের ওপর গুলি চালায়। তারা গুলির পর ইউপি চেয়ারম্যান ও আফজাল আলীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে এবং তাঁদের লাশ নদীতে ফেলে দেয়। দুর্বৃত্তরা চেয়ারম্যানের মাথা নিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে নৌকায় করে চলে যায়। ভুট্টোর লাশ নৌকাতেই পড়ে থাকে।এ ঘটনার পর মাঝি আবু হানিফ নৌকা শিলাইদহ ঘাটে নিয়ে যান। ঘাটে ভেড়ার পর আতঙ্কিত যাত্রীরা ছোটাছুটি করতে থাকেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ ও র্যাবের কয়েকজন সদস্য ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশ সুপার মফিজ উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, তাঁরা ঘটনা খতিয়ে দেখছেন। শিলাইদহ ইউপির চেয়ারম্যান তারিক আহমেদ সাংবাদিকদের জানান, এ ঘটনা কেন ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে জানান, নুরুল ইসলাম, আফজাল আলী ও ভুট্টো পাবনা আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিয়ে ফিরছিলেন।