ইউপি চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে গ্রাম্যসালিসে দুই নারীকে নির্যাতনের ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বুধবার রাজধানীর কাকরাইল এলাকা থেকে র্যাব তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়নাল হক (৪০) ও তাঁর সহযোগী সাইফুল ইসলাম মণ্ডল (৪৪)।র্যাবের এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা পৌনে ১২টার দিকে কাকরাইলের এসএ পরিবহনের সামনে থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।গত ২৬ জুন বদরগঞ্জ উপজেলার রাজারামপুর কাশীগঞ্জ গ্রামে সালিশ বৈঠকে দুই সন্তানের জননী হাফিজা বেগম হ্যাপি ও তাঁর বোন সাইদা বেগমকে চরিত্রহীনা বলে দোষী সাব্যস্ত করে প্রকাশ্যে প্রচণ্ড মারধর করা হয়। হ্যাপির স্বামী হাশেম আলী গত ২৩ জুন বিষপান করেন। চিকিত্সাধীন অবস্থায় ২৪ জুন তিনি মারা যান। গ্রাম্যসালিসে হাশেম আলীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দুই বোনকে দোষী সাব্যস্ত করা হয়। ওই সালিশ বৈঠকে গ্রেপ্তার হওয়া দুজন অংশ নিয়েছিলেন।গত ৯ জুলাই ওই গ্রামে এ ঘটনার সংবাদ সংগ্রহের জন্য গেলে চেয়ারম্যান আয়নালের সহযোগী সাইফুলসহ অন্য তিন সংবাদকর্মীর ওপর হামলা চালান। এসব ঘটনা গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হওয়ার পর প্রশাসনের টনক নড়ে। পরে গ্রাম ছেড়ে পালিয়ে যান ওই দুজন।