ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় নার্সারি মালিক আকমল আলীকে (৩৫) হত্যার সঙ্গে জড়িত অভিযোগে স্থানীয় বিএনপির নেতা ও জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কমর উদ্দিন আহমদসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই বাদী হয়ে কুলাউড়া থানায় মামলাটি করেন। পুলিশ গতকাল রাতেই ইউপি চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার তাঁদেরকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার হাজতে পাঠানো হয়েছে।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গতকাল উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গিয়াসনগর গ্রামের বাসিন্দা আকমলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই আবদুল গণি ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ গতকাল রাত দুইটার দিকে জয়চণ্ডীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কমর উদ্দিন ও অপর আসামি শুকুর মিয়াকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা ও কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।বিএনপির একাংশের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রেদোয়ান খান দাবি করেন, কমর উদ্দিনকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে।