ইউপি চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পুলিশের হেফাজতে বালু ব্যবসায়ী মো. মামুন ভূঁইয়াকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে দায়ী পুলিশ সদস্যদের আসামি করা হয়নি।মামলার আসামিরা হলেন: কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল ইসলাম ওরফে তোরণ, তাঁর ছোট ভাই সাখাওয়াত হোসেন ওরফে ইরান, সাবেক ইউপি সদস্য হেকিম ফরাজি, তাঁর ভাতিজা জাহাঙ্গীর হোসেন ফরাজি, আবদুল গাফফার, সাইফুল ইসলাম, বাদল পালোয়ান, মনসুর আলী ও বিল্লাল। এই নয়জন ছাড়া অজ্ঞাতনামা আরও আট-দশজনকে আসামি করেছেন নিহত মামুনের বড় ভাই নাজমুল ভূঁইয়া। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বৃহস্পতিবার রাতে পুলিশ চেয়ারম্যানের ছোট দুই ভাই সাখাওয়াত ও ইমান হোসেন কাওসার, গ্রাম পুলিশ শ্যামল চন্দ্র সরকার ও চিনিবাস মণ্ডলকে গ্রেপ্তার করে।কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের বালু ব্যবসায়ী মামুন ভূঁইয়াকে গত মঙ্গলবার রাতে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের দুই দিন পর বৃহস্পতিবার রাতে মামলা নেয় পুলিশ।নিহত মামুনের বড় ভাই নাজমুল মামলার এজাহারে উল্লেখ করেন, গত ইউপি নির্বাচনে মামুন বর্তমান চেয়ারম্যান শরিফুলের বিপক্ষে কাজ করেন। এতে শরিফুল ও তাঁর সমর্থক সাবেক ইউপি সদস্য হেকিম ফরাজি মামুনের ওপর ক্ষিপ্ত হন এবং হত্যার পরিকল্পনা করেন। এর আগে তাঁরা কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হন। গত ২৯ মে মঙ্গলবার শরিফুল ও হেকিমের পরিকল্পনা অনুযায়ী কালীগঞ্জ থানার (সাময়িক বরখাস্ত হওয়া) উপপরিদর্শক নৃপেন চন্দ্র দে কয়েকজন পুলিশ নিয়ে বড়গাঁও গ্রামের নার্গিস ও সোলাইমানের বাড়ির কাছ থেকে বিনা মামলা ও ওয়ারেন্টে মামুনকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে একটি অটোরিকশায় তুলে চেয়ারম্যান শরিফুলের বাড়ির উদ্দেশে রওনা হয় পুলিশ। পথে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপাল মেম্বারের বাড়ির কাছে পৌঁছালে ওত পেতে থাকা আসামিরা পুলিশের সামনে মামুনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। পরে মৃত্যু নিশ্চিত করে পুলিশের সামনে লাশ ফেলে পালিয়ে যান। এরপর ওই পুলিশ সদস্যরা মামুনের দুই হাতের ‘হ্যান্ডকাফ’ খুলে লাশ ফেলে রেখে পালিয়ে যান। পরে প্রায় দু-তিন ঘণ্টা পর কালীগঞ্জ থানার অন্য পুলিশ সদস্যরা মামুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।এজাহারে দায়ী পুলিশ সদস্যদের আসামি না করার ব্যাপারে বাদী নাজমুল ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘মামলা সম্পর্কে আমি কম বুঝি। তাই পুলিশ যেভাবে বলেছে, সেভাবেই মামলা করেছি।’মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ আলী শেখ প্রথম আলোকে বলেন, ‘এসআই নৃপেন চন্দ্র আসামি ছিনতাইয়ের একটি মামলা করেছেন, তাই তাঁকে আসামি করা হয়নি।’মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন।তদন্ত কমিটি: মামুন হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে জেলা পুলিশ। এ ব্যাপারে পুলিশ সুপার (এসপি) আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হোসেন, কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহরিয়ার আল মামুন ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়েরকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।