সরকার-স্বীকৃত বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা সম্পর্কে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার এই পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছে, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অধ্যাদেশ ১৯৬১-এর ৩০ ধারা অনুযায়ী স্বীকৃত উচ্চমাধ্যমিক কলেজ বা মাধ্যমিক স্কুলের কোনো কর্মকর্তা-কর্মচারী স্থানীয় সরকার কিংবা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা কিংবা প্রচারণায় অংশ নিতে পারবেন না। পরিপত্রে আইনের এই ধারাটি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই আইনের বরাত দিয়েই গত ২১ মার্চ নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মৌখিকভাবে জানিয়েছিলেন, সরকার-স্বীকৃত বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা ইউপি নির্বাচনে অংশ নিতে পারবেন না।