দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী মার্চ ও মে মাসে দুই পর্বে নির্বাচন অনুষ্ঠানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য চলতি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল মঙ্গলবার সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, এইচএসসি পরীক্ষার কারণে এপ্রিলে নির্বাচন হবে না।নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনের বৈঠক শেষে সাখাওয়াত হোসেন এই ব্রিফিং দেন। বেলা ১১টার দিকে শুরু হওয়া ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেনসহ কমিশন সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মার্চ ও মে মাসে দুই পর্বে ইউপি নির্বাচন অনুষ্ঠানের নীতিগত সিদ্ধান্ত হয়।ব্রিফিংয়ে সাখাওয়াত হোসেন বলেন, মার্চে উপকূলীয় দুটি বিভাগে এবং চট্টগ্রামের কিছু অংশে ইউপি নির্বাচন হবে। বাকি বিভাগগুলোতে নির্বাচন হবে মে মাসে। ইউপি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, অতীতে কখনো এই নির্বাচনে সেনাবাহিনী ছিল না। এর আদৌ প্রয়োজন নেই।সর্বশেষ ২০০৩ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছিল।সাংসদ আবদুর রহমানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত: সাখাওয়াত হোসেন জানান, নির্বাহী হাকিমকে মারধরের ঘটনায় কক্সবাজারের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে বিষয়টি স্পিকারকে অবহিত করা হবে। গতকাল কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সূত্র জানায়, সাংসদ আবদুর রহমান গত ১৫ জানুয়ারি কক্সবাজারের টেকনাফে তাঁর চাচা ও পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইসলামের জনসভায় অংশ নেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান ঘটনাস্থলে গেলে সাংসদ আবদুর রহমান তাঁকে মারধর করেন। ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি নির্বাচনী কর্মকর্তাদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে।