ইউপি নির্বাচন: চাঁদপুরে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে। আজ রোববার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হলেও কয়েকটি কেন্দ্র থেকে একতরফা ভোট দেওয়ার অভিযোগে পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা যায়, কচুয়ার ১১ নম্বর দক্ষিণ গোহাট ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আমির হোসেনের লোকজন চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ঢুকে এজেন্টদের বের করে দেয়। এরপর তারা ব্যালট পেপার ছিঁড়ে ফেললে প্রিসাইডিং কর্মকর্তা পরেশ চন্দ্র পোদ্দার কেন্দ্রের চারটি বুথের ব্যালট বাক্স উদ্ধার করে তাঁর কক্ষে নিয়ে যান। প্রিসাইডিং কর্মকর্তা অভিযোগ করেন, ওই কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর পর আনারস প্রতীকের একজন এজেন্ট অন্য এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে নিজেই ব্যালট পেপারে সিল দিয়ে বাক্স ভর্তি করতে থাকেন। বিষয়টি জানানোর পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশিদ ওই কেন্দ্রের অন্য প্রার্থীর এজেন্টদের মোবাইল জব্দ করেন। এর কিছুক্ষণ পর বিচারিক হাকিম গাউসুল আজম কেন্দ্র থেকে আনারস প্রতীকের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেন। বেলা সাড়ে ১১টায় ওই কেন্দ্র থেকে ম্যাজিস্ট্রেটরা চলে গেলে ওই এজেন্ট পুনরায় কেন্দ্রে ঢুকে সব ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। পরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা।অন্যদিকে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, সাচার ইউনিয়নের ভাটি ছিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ব্যালট পেপারে আগাম সিল থাকায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউল ইসলাম এ ঘটনায় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করার নির্দেশ দেন। এদিকে ১২ আশ্রাফপুর ইউনিয়ন, সাচার ইউনিয়ন, উজানী ইউনিয়ন ও ২ নম্বর পাথৈর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে চেয়ারম্যান পদে কয়েকজন প্রভাবশালী প্রার্থী অন্য প্রার্থীর লোকজনকে বের করে দিয়ে একতরফা ভোট গ্রহণ চালিয়ে যাচ্ছেন। কিন্তু উপস্থিত পুলিশ বা প্রশাসন কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।