ইউপি নির্বাচন: চান্দিনায় এক কেন্দ্রে ৪০ মিনিট ভোট গ্রহণ বন্ধ
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্রে ঢুকে নির্দিষ্ট প্রতীকে সিল মারতে চাপ প্রয়োগের ঘটনায় কুমিল্লার চান্দিনা উপজেলার ১০ নম্বর গল্লাই ইউনিয়নের একটি কেন্দ্রে ৪০ মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে গিয়ে জানা যায়, ইউপি নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিনের সমর্থক ও এজেন্টরা বেলা ১১টার দিকে ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে আনারস প্রতীকে সিল মারার জন্য ভোটারদের চাপ দেয়। এ সময় তালা প্রতীক নিয়ে লড়াই করা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪টি ফাঁকা গুলি ছুড়ে। তখন ৪০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক গিয়ে পুনরায় ভোট গ্রহণ চালু করেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বাইরে থেকে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে এসে ভোট কেন্দ্রে হামলা চালায়। এরপর পৌনে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।আটক হওয়াদের একজন হুমায়ুন কবীর (আনারস প্রতীকধারী প্রার্থীর এজেন্ট) বলেন, ‘বাইরে থেকে কে বা কারা সিল মারার জন্য এসেছিল। সেটা নিয়ে ঝামেলা হয়েছে। আমরা এর সঙ্গে জড়িত নই।’