ইউপি নির্বাচন: পাঁচবিবিতে একজন নিহত, গুলিবিদ্ধ ৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গতকাল রোববার রাতে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও পাঁচজন। উপজেলার কাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সহিংসতা ঘটে।নিহতের নাম মাসুম (৩২)। তিনি পাঁচবিবি সদরের আইয়ুব আলীর ছেলে। আহতেরা হলেন—কাশপুর গ্রামের রাজেন চন্দ্র মাহতোর ছেলে গোবিন্দ মাহতো (সাড়ে ৩), রাজেন চন্দ্র মাহতোর স্ত্রী অঞ্জলী মাহতো, ঝরনা বেগম (৩৫), মোজাম্মেল (৪৫) ও সাইদুর রহমান (৪৫)। গোবিন্দকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। অঞ্জলী মাহতো ও ঝরনা বেগমকে পাঁববিবি মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোজাম্মেল ও সাইদুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিয়ে পালিয়ে গেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে নয়টার দিকে ফলাফল ঘোষণার আগ মুহূর্তে একদল উচ্ছৃঙ্খল লোক ওই কেন্দ্রে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী লুটের চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে।জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোজ্জাম্মেল হক বলেন, একদল লোক কেন্দ্রটিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় এবং পুলিশ অস্ত্র লুটের চেষ্টা করলে পুলিশ নিরাপত্তা রক্ষার্থে গুলি চালায়। গুলিবিদ্ধ একজন হাসপাতালে মারা গেছে।