ইউপি নির্বাচন: ভোলায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
একই স্থানে গণসংযোগ করা নিয়ে আজ শনিবার ভোলার ভেলুমিয়ায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই পক্ষে অন্তত ২৫ জন আহত হন। আহত ব্যক্তিদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী শাজাহান বাদশা ইউনিয়নের টুমচরে গণসংযোগ করতে যান। একই সময় ওই এলাকায় তাঁর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সালামও গণসংযোগে যান। একপর্যায়ে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে অন্তত ২৫ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। শাজাহান বাদশা বলেন, টুমচরে গণসংযোগ চালাতে গেলে আবদুস সালামের কর্মী-সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁর ২০ জন কর্মী আহত হন। তিনি অভিযোগ করেন, প্রশাসন বারবার নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার আশ্বাস দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ব্যর্থ হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার করা না হলে তিনি নির্বাচন বর্জনের হুমকি দেন। আবদুস সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, শাজাহান বাদশার লোকজন তাঁদের ওপর হামলা চালিয়েছেন। হামলায় তাঁর পাঁচজন কর্মী আহত হয়েছেন। ভেলুমিয়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।