ইউপি নির্বাচনে প্রার্থীদের জন্য প্রথম বিধিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের ব্যয়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী সর্বোচ্চ পাঁচ লাখ এবং সদস্যপদের প্রার্থী এক লাখ টাকা ব্যয় করতে পারবেন। আগে প্রার্থীদের কোনো ব্যয়সীমা ছিল না। পাশাপাশি প্রত্যেক চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যাংক হিসাব খোলা, ব্যাংক হিসাবের মাধ্যমে খরচ করা এবং নির্বাচন অনুষ্ঠানের ৩০ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের হিসাব দেওয়ার নিয়ম করা হয়েছে।তা ছাড়া প্রার্থীরা কোনো রাজনৈতিক দলের নাম ও পরিচয় ব্যবহার করতে পারবেন না। প্রার্থীর ছবি ছাড়া অন্য কারও ছবি পোস্টারসহ প্রচারের কোনো কাজে ব্যবহার করা যাবে না। কোনো প্রার্থী জনসভা কিংবা শোভাযাত্রা করতে পারবেন না; তবে পথসভা করতে পারবেন। প্রত্যেক চেয়ারম্যান পদপ্রার্থী একটি এবং প্রত্যেক সদস্যপদের প্রার্থী নিজ ওয়ার্ডে একটি নির্বাচনী দপ্তর খুলতে পারবেন।ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জন্য এবার প্রথম তৈরি করা বিধিমালায় এসব নির্দেশনা রাখা হয়েছে। নির্বাচন কমিশনের তৈরি এ খসড়া প্রস্তাব গত সপ্তাহে স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুমোদন করেছে। এ সপ্তাহেই এ বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হবে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চলতি বছরের মধ্যেই মেয়াদোত্তীর্ণ হওয়া প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন কাজ শুরু করেছে। তবে এবার চার দফায় নির্বাচন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম দফায় আগামী মে মাসে আট থেকে ১০ বছরের বেশি মেয়াদোত্তীর্ণ প্রায় ৯০টি ইউনিয়নের নির্বাচন করা হবে। এরপর বছরের শেষ দিকে আরও তিন ভাগে ভাগ করে বাকি সব ইউনিয়ন পরিষদে নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদের অধিকাংশের মেয়াদ শেষ হয়ে গেছে। এ বছরের মধ্যেই সব নির্বাচন শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য এবারই প্রথম বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। বিধিমালা অনুসারে নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো উন্নয়নমূলক প্রকল্প বা গম-চাল বিতরণের উদ্যোগ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা যথাযথভাবে বিধিমালা অনুসরণ করছেন কি না, তা পর্যবেক্ষণে কমিশনের নিজস্ব পর্যবেক্ষক দল কাজ করবে। বিধিমালা লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল ও সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।বিধিমালা অনুসারে প্রার্থীদের পোস্টার হতে হবে অবশ্যই সাদা-কালো। নির্দলীয় নির্বাচন হওয়ায় পোস্টারে প্রতীক ও প্রার্থীর ছবি ছাড়া কোনো দলীয় প্রতীক বা দলের নেতার ছবি ব্যবহার করা যাবে না। পোস্টারের নিচে অবশ্যই মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, পোস্টারের সংখ্যা ও ছাপানোর তারিখ উল্লেখ থাকতে হবে।ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী বা সমমর্যাদাসম্পন্ন কোনো ব্যক্তি নির্বাচনী এলাকায় যেতে পারবেন না। তফসিল ঘোষণার পর ইউপির সব উন্নয়নমূলক প্রকল্প বন্ধ রাখতে হবে। কাবিখা বা চাল-গম ও নগদ অর্থ বিতরণের উদ্যোগ হাতে নেওয়া যাবে না।সাত তথ্য লাগবে না: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের সাতটি ব্যক্তিগত তথ্য দেওয়ার বিধান ছিল। ২০০৮ সালে অনুষ্ঠিত সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে এ তথ্য দেওয়া বাধ্যতামূলক ছিল। সাত তথ্যের মধ্যে ছিল—প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি মামলা আছে কি না, অতীতে থাকলে সেগুলোর ফলাফল কী ছিল, পেশা, আয়ের উৎস, প্রার্থী ও প্রার্থীর ওপর নির্ভরশীল ব্যক্তির সম্পদ ও দায়দেনা-সম্পর্কিত তথ্য এবং ঋণসংক্রান্ত তথ্যাবলি। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, কমিশন লোকবলের অভাবের দোহাই দিয়ে ভোটারদের জানার অধিকার নষ্ট করেছে। এতে স্থানীয় পর্যায়ে প্রার্থীদের দায়বদ্ধতা থাকবে না। তবে বিধিমালা প্রণয়ন করায় এবার নির্বাচন ভালো হবে বলে আশা করেন তিনি।