ইউপি নির্বাচনে প্রার্থীদের ৭ তথ্যের জন্য রুল জারি
ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রার্থীদের সাত ধরনের তথ্য দেওয়ার জন্য কেন বিধান তৈরি করা হবে না এবং কেন তা প্রকাশের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ও সরকারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করেন।গতকাল রোববার সকালে জনস্বার্থে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, সাবেক আইজিপি এস এম শাজাহানসহ সাতজনের পক্ষে আইনজীবী আশরাফুল হাদী রিটটি দায়ের করেন।রিটে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয় ও আইনসচিবকে বিবাদী করা হয়েছে। এতে প্রার্থীদের শিক্ষাগত, পেশাগত যোগ্যতা, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও দুর্নীতির অভিযোগ রয়েছে কি না—এ ধরনের সাতটি তথ্য প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে।