ইউপি নির্বাচনের আগে ভোটার তলিকা হালনাগাদ হচ্ছে না: সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে না। আজ বৃহস্পতিবার ‘ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ’ বিষয়ক এক সভা শেষে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী প্রতিবছর ১ থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কথা রয়েছে। কমিশন সর্বশেষ ২০০৯ সালে ভোটার তালিকা হালনাগাদ করেছিল। সেই তালিকার ওপর ভিত্তি করেই আগামী মার্চ ও মে মাসে দুই পর্বে ইউপি নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, জানুয়ারিতে পৌর নির্বাচন ছিল, ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা, মার্চে আদমশুমারি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা হবে। যে কারণে ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় হালনাগাদ পরে হলে তা নিয়ে কোনো আইনি সমস্যা হবে না।তবে হালনাগাদ না হলেও ইউপি নির্বাচনের আগে প্রবাসীরা ভোটার হতে পারবেন বলে সাখাওয়াত হোসেন জানান। গত বছরের ডিসেম্বরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সুযোগ রেখে ভোটার তালিকা আইন, ২০০৯ সংশোধন করা হয়েছে।