ইউপি নির্বাচনোত্তর সহিংসতায় পুলিশসহ আহত ২০, গ্রেপ্তার ৪
পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনোত্তর সহিংসতায় পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০০-৭০০ গ্রামবাসীকে আসামি করে একটি মামলা করেছে।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নির্বাচন নিয়ে নাগডেমরা ইউনিয়নের পরাজিত সদস্য পদপ্রার্থী সরোয়ার হোসেনের সঙ্গে বিজয়ী সদস্য পদপ্রার্থী সাখাওয়াত হোসেনের বিরোধ চলছিল। আজ বেলা ১১টার দিকে পূর্বের বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।পরে একপর্যায়ে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষই হামলায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাঠিপেটা করলে পুলিশের সঙ্গেও তাঁদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ, উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন, পুলিশের তিন কনস্টেবলসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।সাঁথিয়া থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমরা সংঘর্ষ ঠেকাতে গিয়ে উভয় পক্ষের আক্রমণের শিকার হয়েছি। দুই পাশ থেকে দুই পক্ষের সমর্থকেরা আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।’