ইউপি-পৌর নির্বাচন অনুষ্ঠানে আইন সংশোধনের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন করতে চাইলে আইন সংশোধন করতে হবে। নির্বাচন কমিশন (ইসি) থেকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আইন সংশোধনে কার্যকর উদ্যোগ নেয়নি। তাই হতাশ ইসি এ বিষয়ে তাগিদ দিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগকে আবারও চিঠি দিয়েছে।ইসি আশা করেছিল, সংসদের সদ্য শেষ হওয়া অধিবেশনে আইনগুলো সংশোধন করবে সরকার। কিন্তু তা না হওয়ায় এ বছরের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয় ইউপি ও পৌর নির্বাচনের প্রস্তুতি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে নির্বাচন কমিশন।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। ওই অধিবেশনে যদি সরকার ইউপি ও পৌরসভা আইন সংশোধন করে, সে ক্ষেত্রেও নভেম্বর-ডিসেম্বরের মধ্যে এ দুটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠান করা কষ্টকর হবে।প্রসঙ্গত, ইউপি ও পৌর নির্বাচন সম্পর্কে ১৮ জুলাই স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদকে বলেছিলেন, নভেম্বরের মধ্যে পৌরসভা ও ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।মন্ত্রীর বক্তব্যের জের ধরে পরদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছিলেন, চলতি অধিবেশনে (২২ জুলাই শেষ হয়েছে) আইন সংশোধন করে না দিলে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ইউপি ও পৌর নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না।এ বিষয়ে গতকাল শনিবার সিইসি প্রথম আলোকে বলেন, ‘ইউপি, পৌরসভা ও উপজেলা নির্বাচন নিয়ে আমি আর কোনো মন্তব্যই করতে চাই না।’স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন বলেন, ‘মন্ত্রী সংসদকে বলেছেন, নভেম্বর-ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এ বিষয়ে করণীয় নির্ধারণে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি।’যোগাযোগ করা হলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, সরকার চাইলে নভেম্বর-ডিসেম্বরেই এ নির্বাচন করা সম্ভব। তবে অবশ্যই তার আগে আইন সংশোধন করতে হবে। সরকার এখন অধ্যাদেশ জারি করে অথবা আগামী সেপ্টেম্বরে সংসদ বসলে আইনগুলো সংশোধন করতে পারবে।সীমানা জটিলতা: ইউপি ও পৌরসভা নির্বাচনী আইনে এক ওয়ার্ডের সঙ্গে অন্য ওয়ার্ডের জনসংখ্যার ব্যবধান ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রেখে সীমানা নির্ধারণের কথা বলা হয়েছে। ইসির মতে, ইউপি ও পৌরসভার জন্য এ বিধান রাখা সম্ভব নয়। গত বৃহস্পতিবার এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে লেখা ইসির চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান বিধান অনুযায়ী নির্বাচনের আগে ইউপি ও পৌরসভার ওয়ার্ডের সীমানা বিন্যাস করা হলে সারা দেশের গ্রাম ও মহল্লাগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এমনকি এ নিয়ে দেশজুড়ে মামলা-মোকদ্দমাও হতে পারে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থার সৃষ্টি হতে পারে।ইসির হিসাব অনুযায়ী ৩০৯টির মধ্যে মেয়াদোত্তীর্ণ পৌরসভার সংখ্যা প্রায় ২৫০। মোট ইউনিয়ন পরিষদ চার হাজার ৪০৫টি। ২০০৮ সালের শুরুতেই সবগুলোর মেয়াদ শেষ হয়েছে।উপজেলাও কয়েকটি বাকি: ইউপি ও পৌরসভার মতো শূন্য ঘোষিত উপজেলার নির্বাচন নিয়েও আইনি জটিলতা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের তৈরি অধ্যাদেশের আওতায় ২০০৯ সালের ২২ জানুয়ারি দেশের ৪৮২টি উপজেলায় নির্বাচন হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধ্যাদেশটি অনুমোদন না করে ’৯৮ সালের উপজেলা পরিষদ আইন সংশোধন করে তা পুনঃপ্রচলন করেছে।কিন্তু ইসি বিশ্লেষণ করে দেখেছে, সংশোধিত উপজেলা আইনে বেশ কিছু অসংগতি আছে। সরকার ’৯৮ সালের আইন সংশোধন করলেও আইনের সঙ্গে সংগতি রেখে নির্বাচন পরিচালনা বিধি ও আচরণবিধি সংশোধন করেনি। ’৯৮ সালের আইনে ভাইস চেয়ারম্যানের পদ ছিল না। আইন সংশোধন করে ভাইস চেয়ারম্যানের পদ সৃষ্টি করা হয়েছে। কিন্তু বিধিমালা সংশোধন না করায় বিদ্যমান বিধিমালায় ভাইস চেয়ারম্যানের কোনো পদ নেই। এই পদের জন্য কোনো প্রতীকও বরাদ্দ নেই।ইসির বিশ্লেষণ অনুযায়ী বিদ্যমান উপজেলা আইনে প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা এবং অপরাধ ও দণ্ডের ক্ষেত্রেও অসংগতি রয়েছে। সরকার ’৯৮ সালের আইন পুনরায় চালু করলেও এতে প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা ও অপরাধের শাস্তির ক্ষেত্রে কোনো সংশোধনী আনেনি। যে কারণে প্রার্থীদের ব্যক্তিগত হলফনামা জমা দেওয়ার বিধানও বিদ্যমান উপজেলা আইনে নেই। এমনকি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধের তাৎক্ষণিক বিচারপ্রক্রিয়া চালানোর সুযোগও কম। এ অবস্থায় শূন্য ঘোষিত উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হচ্ছে না।