ইউপি ভবনের সামনে ছাত্রলীগ নেতাকে ছুরি মেরে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তার ও শত্রুতার জের ধরে কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সারওয়ার আলম ওরফে পলাশ (২৬) খুন হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে প্রতিপক্ষ তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।স্থানীয় ছাত্রলীগের একাংশ এই হত্যাকাণ্ডের জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে দায়ী করেছে। তারা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সাজ্জাদের কার্যালয় ভাঙচুর করে। এ ছাড়া বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত কুমিল্লা-বুড়িচং সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পরে পুলিশ ও র্যা ব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সারওয়ারের বাড়ি বুড়িচংয়ের ষোলনল ইউনিয়নের শিকারপুর গ্রামে। তাঁর বাবার নাম আবদুল লতিফ। সারওয়ারের একটি কন্যাসন্তান রয়েছে।প্রত্যক্ষদর্শী ও দলীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান খান ওরফে রুমেল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মতিউরের অনুসারী সারওয়ার সদর ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সদস্য রাসেল মিয়া, জসিম উদ্দিনসহ ১০-১২ জনের একটি দল সারওয়ারের গতি রোধ করেন। এরপর তারা সারওয়ারের বুক, পিঠ, পেট ও পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম এই হত্যাকাণ্ডের জন্য চেয়ারম্যান সাজ্জাদকে অভিযুক্ত করে বলেন, সাজ্জাদের অনুসারীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী জানান, সারওয়ার দীর্ঘদিন ধরে উপজেলা চেয়ারম্যানের পক্ষে ছিলেন। এক মাস আগে চেয়ারম্যানের পক্ষ ত্যাগ করে ভাইস চেয়ারম্যানের পক্ষ নেন তিনি। উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ বলেন, ‘ আমার নামে মিছিল হয়েছে, এটা সত্য। তবে আমি ওই ঘটনার সঙ্গে জড়িত নই।’ বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম শাহনেওয়াজ বলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানের অনুসারী ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এই হত্যাকাণ্ড ঘটেছে।