ইউপি সদস্যসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, সিলেটে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়িতে বাউল গানের আসরে সশস্ত্র হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সিলেটের কয়েকটি সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন।হামলার ঘটনায় গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বাউলসম্রাটের একমাত্র ছেলে শাহ নূরজালাল ১৭ জনকে আসামি করে দিরাই থানায় মামলা করেছেন। আসামিদের মধ্যে রয়েছেন দিরাইয়ের তাড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ডের সদস্য লাল মিয়া, ওয়ারিদ উল্লা, আনর উল্লা, সানুর উল্লা, ধন মিয়া, ফরহাদ, আবুল কালাম, কামাল হোসেন। এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বাউলসম্রাটের ছেলে শাহ নূরজালাল বলেন, ‘আমরা বাউল মানুষ। মামলা-মোকদ্দমা আমাদের কাজ নয়। বাউলদের অস্তিত্ব রক্ষায় জীবনে প্রথমবারের মতো মামলা করতে হলো।’ তিনি বলেন, ‘অতীতে গান গাওয়ার অপরাধে বাবাকে ভিটে থেকে উচ্ছেদ করতে ওই মহলটি অনেক নির্যাতন চালিয়েছে। ওই মহলটি আবার বাউল গান বন্ধে হুমকি দিচ্ছে এবং সশস্ত্র হামলা চালিয়েছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ এজাহারে বলা হয়, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ইউপি সদস্য লাল মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত বাউলসম্রাটের বাড়িতে বাউল গানের আসরে সশস্ত্র হামলা চালায়। তারা গানবাজনা বন্ধের হুমকি দিয়ে বাউলসম্রাটের দুই ভাগনের স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। একপর্যায়ে লাল মিয়া রামদা দিয়ে বাউলসম্রাটের চার বছরের নাতি নূর আলমকে কোপাতে গেলে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে।গতকাল বিকেল পাঁচটায় সিলেট নগরের জিন্দাবাজারে বাউলসম্রাটের স্মৃতিবিজড়িত ‘বইপত্র’ লাইব্রেরিতে প্রতিবাদ সভা হয়। কবি শুভেন্দু ইমামের সভাপতিত্বে সভায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য দেন লেখক তুষার কর, দীপংকর মোহন্ত ও হামিদ মোহাম্মদ, কবি জফির সেতু, মোস্তাক আহমাদ দীন, প্রভাষক কাজী সাইফুল আচপিয়া, আইনজীবী মঈনুদ্দিন আহমদ জালাল প্রমুখ।সভায় বক্তারা বলেন, অতীতে বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়িতে বাউল গানের আসরে একটি চিহ্নিত মৌলবাদী চক্র গান গাইতে বাধা দিয়েছিল। ওই চক্রটি সে সময় বাউলসম্রাটের বাড়িতে হামলা করে বাউলদের ওপর নির্যাতন চালিয়েছিল। সেই পুরোনো চক্রটি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় মৌলবাদী চক্রটি হামলার ঘটনা ঘটিয়েছে এবং গানবাজনা বন্ধের হুমকি দিয়েছে। বাউলসম্রাটের অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা-দর্শনে উজ্জীবিত শিষ্য-অনুরাগীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পুলিশ ধরতে ব্যর্থ হলে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।বিকেলে সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সৈয়দ মনির হেলাল, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ। এ ছাড়া অঙ্গীকার বাংলাদেশ সিলেট বিভাগীয় শাখা, নবশিখা নাট্যদল, সমাজ অনুশীলন, প্রথম আলো বন্ধুসভা, শাহ আবদুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদসহ অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। বাউলসম্রাটের এলাকার স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেন গুপ্ত, সাংসদ মতিউর রহমান, সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ, কবি শুভেন্দু ইমাম, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনী মোহন দাসসহ শতাধিক ব্যক্তি ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল হক বলেন, ‘বাউলসম্রাটের ছেলে শাহ নূরজালাল ও তাঁর বাড়িতে হামলাকারী লাল মিয়াকে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কার্যালয়ে বিষয়টি সমাধানে বসেছিলাম। কিন্তু সভায় সুরাহা না হওয়ায় বাউলসম্রাটের ছেলে আইনিভাবে এগিয়েছেন।’এদিকে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে শাহ আবদুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদ এবং আবদুল করিম সংস্কৃতি ও সেবা পরিষদ আজ বুধবার দুপুর ১২টার দিকে দিরাই বাজারে মানববন্ধনের ঘোষণা দিয়েছে। একই দাবিতে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল চারটার দিকে সিলেটের সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিজীবী মহলের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হবে বলে জানা গেছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ প্রথম আলোকে বলেন, থানায় মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।