ইউপি সদস্যের বিরুদ্ধে দুদকে অভিযোগ করায়
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পুকরা ইউনিয়ন পরিষদের একজন সদস্যের অনিয়মের বিরুদ্ধে দুদকে অভিযোগ করায় অভিযোগকারী মো. আবদুর রহিম এখন বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েছেন। অভিযুক্ত ইউপি সদস্য ও তাঁর ভাইয়েরা বারবার তাঁকে লাঞ্ছিত করছেন। বিষয়টি আবদুর রহিম পুনরায় দুদকে জানালে দুদক কর্মকর্তাও বিষয়টি আপস-নিষ্পত্তির জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।১০ নভেম্বর হবিগঞ্জ দুদকের কার্যালয়ে করা অভিযোগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ বানিয়াচং উপজেলার পুকরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মনু মিয়া চৌধুরীকে প্রকল্প চেয়ারম্যান করে ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে ২০০৮-২০০৯ অর্থবছরে নোয়াগাঁও মসজিদ থেকে সায়েস্তা মিয়ার বাড়ি পর্যন্ত সড়ক মেরামতের জন্য টিআর ১ দশমিক ৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়। তিনি সামান্য মাটির কাজ দেখিয়ে ভুয়া মাস্টার রোল করে প্রায় ২৪ হাজার টাকার বরাদ্দ আত্মসাত্ করেন। এভাবে ১০টি প্রকল্পের ভুয়া মাস্টার রোল দেখিয়ে মোট পাঁচ লাখ ১৯ হাজার টাকা আত্মসাত্ করেন বলে ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের অধিবাসী আবদুর রহিম লিখিত অভিযোগ করেন।এ পরিপ্রেক্ষিতে মনু মিয়া ও তাঁর ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযোগকারী আবদুর রহিমের ওপর। তারা তাঁকে বেশ কয়েকবার অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এমনকি তাঁকে দেখে নেওয়ার ভয়ভীতি প্রদর্শন করেন। এ অবস্থায় আবদুর রহিম গ্রাম থেকে বের হতে পারছেন না বলে জানান। এ ব্যাপারে আবদুর রহিম ১০ ডিসেম্বর জেলা দুদক কার্যালয়ে অভিযোগ করেন। কিন্তু কার্যালয়ের উপপরিচালক উল্টো বিষয়টি আপস-মীমাংসা করে দেওয়ার প্রস্তাব দেন। আবদুর রহিম জানান, উপপরিচালক জুলফিকার আলী তাঁকে বলেন, দুদক কোটি কোটি টাকার অনিয়ম ছাড়া ছোটখাটো অভিযোগ তদন্ত করে না। তিনি পুনরায় আপসের প্রস্তাব করেন।এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মনু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, শত্রুতাবশত তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো করা হয়েছে। পাশাপাশি দুদকের কর্মকর্তারা অভিযোগকারীকে আপসে বিষয়টি মিটিয়ে ফেলার প্রস্তাব দিয়েছেন। তা সত্ত্বেও তিনি (অভিযোগকারী) বিষয়টি শেষ করতে চান না।এ ব্যাপারে হবিগঞ্জ দুদকের উপপরিচালক জুলফিকার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এর ওপর আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি কেন আপসের চেষ্টা করব! আবেদনকারীর সাহস থাকলে আমার সামনে এসে বলুক, আমি এসব বলেছি।’ তিনি আরও বলেন, মিথ্যাচারের জন্য আবদুর রহিমেও বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি।