ইউপিএ সরকার থেকে বেরিয়ে যাচ্ছে তৃণমূল
ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস।তৃণমূলের প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার সংসদীয় দলের বৈঠকের পর এ কথা ঘোষণা করেন।কেন্দ্রীয় সরকারের দুর্নীতি, খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের অনুমতিদান ও জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে সমর্থন প্রত্যাহার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান মমতা। তিনি বলেন, আগামী শুক্রবার বিকেলে রাজধানী নয়াদিল্লিতে গিয়ে তৃণমূলের মন্ত্রীরা প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেবেন। মমতা পাশাপাশি এটাও বলেছেন, সরকার যদি জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে, তা হলে তাঁর দল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।বিশ্লেষকদের মতে, তৃণমূল সমর্থন প্রত্যাহার করলেও এই মুহূর্তে মনমোহন সরকারের পতনের আশঙ্কা নেই।এদিকে, গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী ও ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী বৈঠক করেছেন। ওই বৈঠকে মন্ত্রিসভায় রদবদল করার বিষয়ে সোনিয়া ও মনমোহন একমত হয়েছেন। কর্মকর্তারা বলেছেন, সরকারের সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের জন্য কয়েকজন বিতর্কিত মন্ত্রীকে তাঁরা সরিয়ে দিতে সম্মত হয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই এই রদবদল আসছে বলে তাঁরা জানান।ইউপিএ জোটে তৃণমূলের একজন পূর্ণ মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রী রয়েছেন। ৫৪৫ আসনের লোকসভায় বর্তমানে ইউপিএর আসনসংখ্যা ২৭৩। তবে তৃণমূল জোট ছেড়ে গেলে এই সংখ্যা ২৫৪-তে নেমে আসবে। সে ক্ষেত্রে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির ওপর ইউপিএ জোটের নির্ভরতা বেড়ে যাবে।বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ ভারতের ঝিমিয়ে পড়া অর্থনীতির চাকা সচল করতে গত সপ্তাহে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো বড় ধরনের সংস্কার কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচিকে ঘিরে কংগ্রেস ও শরিকদের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়।তৃণমূল সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দেওয়ায় ভারতে রাজনৈতিক সংকটের ঝড় ওঠার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।