ইউপিএলের স্বাধীনতার বই উৎসব
মহান স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) তাদের প্রকাশিত মুক্তিযুদ্ধবিষয়ক ৭১টি বই নিয়ে বই উৎসবের আয়োজন করেছে।গতকাল শুক্রবার বিকেলে ৩২/৬ প্রগতি সরণির শাহজাদপুর এলাকার হাইওয়ে হোমসে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করা হয়। গুলশান ১ ও ২ নম্বরের মাঝামাঝি প্রগতি সরণিতে অবস্থিত ইউপিএলের এই বই বিক্রয়কেন্দ্রটি চালু হয়েছে গত বছরের ১০ এপ্রিল। এখানেই আয়োজন করা হয়েছে স্বাধীনতার বই উৎসব। মুক্তিযুদ্ধবিষয়ক ৭১টি বই ছাড়াও ইউপিএলের আরও কিছু বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে শতকরা ২৫ থেকে ৬০ পর্যন্ত কমিশনে। উৎসব চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘ইউপিএল এবং তার প্রকাশক মহিউদ্দিন আহমেদ প্রায় সমার্থক। জাতির উন্নতির জন্য পাঠক, গবেষক, লেখক সবার সামনেই ভালো বই উপস্থাপন করার যে তাৎপর্য, তা উপলব্ধি করেই ইউপিএল মানসম্মত বই প্রকাশ করে সমাজের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে।’অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘ইউপিএলের বই মানেই মানসম্মত বই। শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশের বইয়ের উন্নততর মানের বিষয়ে ইউপিএল প্রশংসিত হয়েছে। বিভিন্ন প্রক্রিয়ায় বইয়ের মান যাচাই ও সম্পাদনার মাধ্যমে তারা বই প্রকাশ করে থাকে। বিভিন্ন বিষয়ের বইয়ের মধ্যে কৃষি, স্থানীয় সরকার ও মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের উল্লেখযোগ্য প্রকাশনা রয়েছে ইউপিএলের।’প্রকাশক ও ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমেদ বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আগ্রহী ও অবগত করে তোলার জন্য এ বই উৎসবের আয়োজন করা হয়েছে। শাহজাদপুর এলাকায় এই আয়োজন করা হয়েছে আশপাশের বিরাট এলাকা মহাখালী, গুলশান, বনানী, বসুন্ধরা ও উত্তরার পাঠকদের কথা বিবেচনা করে। এখানে গত বছর ইউপিএলের বিক্রয়কেন্দ্রটি চালু করা হয়। এবার এখানে বই উৎসব করা হচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন লেখক শামসুল আরেফিন।বই উৎসব উপলক্ষে প্রতিদিন বিকেলে থাকবে বই নিয়ে আলোচনা। উদ্বোধনী দিনে ছিল মুনতাসীর মামুনের সেই সব পাকিস্তানী এবং মুনতাসীর মামুন ও মহিউদ্দিন আহমেদ সম্পাদিত পাকিস্তানীদের দৃষ্টিতে একাত্তর বই দুটি নিয়ে মুক্ত আলোচনা।