রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নের ঘিলাতলী বাজারের কাছে গতকাল বৃহস্পতিবার সকালে একদল দুর্বৃত্তের গুলিতে অমূল্য ধন চাকমা ওরফে রিগ্যান (৪৫) নিহত হয়েছেন। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য ছিলেন।এ ছাড়া ওই ঘটনায় সমীরণ চাকমা (২০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।এ ঘটনার মাত্র ২৪ ঘণ্টা আগে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের ভূইওছড়ি এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউপিডিএফের মধ্যে সশস্ত্র সংঘাতে কমপক্ষে একজন নিহত ও তিনজন আহত হন। পরপর সংঘটিত দুটি ঘটনার পর রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।এ নিয়ে চলতি বছর পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাতে মোট ৩১ জন মারা গেলেন। এর মধ্যে ইউপিডিএফের ১৬ জন, জেএসএসের (সন্তু) ১১ জন এবং জেএসএসের (এমএন লারমা) চারজন। সংশ্লিষ্ট দলগুলোর তথ্য বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, এই ভ্রাতৃঘাতী সংঘাত শুরু হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তির পক্ষে-বিপক্ষে অবস্থানের কারণে, জেএসএস ও ইউপিডিএফের মধ্যে। এক দশকের বেশি সময় ধরে এ সংঘাত চলছে। তবে গত পাঁচ বছরের মধ্যে এখন এ সংঘাতের মাত্রা সবচেয়ে ভয়াবহ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে পার্বত্য চট্টগ্রামে আরও একটি রাজনৈতিক দল এবং কিছু সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যায়। এদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ, প্রভাব বিস্তারের প্রয়াস এবং কোনো কোনো ক্ষেত্রে কায়েমি স্বার্থ এসব হত্যাকাণ্ড ও সংঘাতের পেছনে সক্রিয় রয়েছে।জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেছেন, চুক্তিবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে এ সংঘাতময় পরিস্থিতি চাপিয়ে দেওয়া হয়েছে। কায়েমি স্বার্থবাদী একটি বিশেষ মহল এ ষড়যন্ত্রে যুক্ত। তাই চুক্তিবিরোধীরা বারবার সন্ত্রাসী কার্যকলাপ চালানোর সুযোগ পাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।চাকমা সার্কেল-প্রধান রাজা দেবাশীষ রায় দিন দিন সংঘাত বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সেটা কীভাবে ঘটছে, তা সুনির্দিষ্টভাবে বলা না গেলে আমরা মনেপ্রাণে তার অবসান চাই।’ ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে একটা উপায় বের করতে হবে বলে তিনি উল্লেখ করেন।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে অমূল্য ধন ও সমীরণ ঘিলাতলী বাজারে আসছিলেন। বাক্কোগালা নামক স্থানে পাঁচজনের একটি সশস্ত্র দল তাঁদের পথরোধ করে। এ সময় অমূল্য ধন চাকমা পালাতে চেষ্টা করলে সশস্ত্র ব্যক্তিরা গুলি করে। অমূল্য ধন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গী সমীরণ চাকমাও গুলিতে আহত হন।অমূল্য ধন চাকমার বাড়ি নানিয়ারচর উপজেলার লারমাপাড়া গ্রামে এবং সমীরণ চাকমার বাড়ি ঘিলাতলীতে। তবে সমীরণ কোনো দলের সঙ্গে জড়িত নন বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে পার্শ্ববর্তী সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে সমীরণ চাকমাকে উদ্ধার করে স্পিডবোটে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। পরে সমীরণের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে সামান্য দূরে গুইছড়ি এলাকায় গিয়ে সেনাসদস্যরা অমূল্য ধন চাকমার লাশ পান। দুর্বৃত্তরা তাঁর লাশ গুম করার চেষ্টা করেছিল বলে স্থানীয় লোকজন ধারণা করছে।জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অমূল্য চাকমা ঘটনাস্থলেই মারা গেছেন এবং আহত সমীরণ চাকমার পেটের নিচে ও পায়ে গুলি লেগেছে।এ হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইউপিডিএফের রাঙামাটি জেলা শাখার প্রধান সংগঠক ধ্রুবজ্যোতি চাকমা। তিনি জেএসএসের প্রধান সন্তু লারমাকে জনগণের ঐক্য ও সমঝোতার আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। ইউপিডিএফের প্রচার বিভাগের নেতা সোনামণি চাকমা স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য জেএসএসের সশস্ত্র সদস্যদের দায়ী করা হয়েছে।তবে জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁদের কোনো সশস্ত্র দল নেই। ঘটনাটি ইউপিডিএফের অন্তঃকোন্দল অথবা সন্ত্রাসের বিরুদ্ধে স্থানীয় জনগণের প্রতিরোধের কারণে হতে পারে।