ইউপিডিএফের ডাকে সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য শান্তি চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক, নানিয়ারচর, লংগদু, জুরাছড়ি, বিলাইছড়ি, বরকল ও বাঘাইছড়ি উপজেলায় আজ শনিবার আংশিকভাবে সড়ক অবরোধ পালিত হয়েছে।অবরোধ চলাকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের খামারপাড়া এলাকায় পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এঁদের মধ্যে রূপায়ণ চাকমা, চিত্তরাজ চাকমা, মঙ্গলরাজ চাকমা, রিন্টু চাকমা, রিটন চাকমা, তুংকমণি চাকমা ও সুজন চাকমাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত বৃহস্পতিবার লংগদু উপজেলায় আদিবাসীদের দুটি গ্রামে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর প্রতিবাদে শুক্রবার সাপছড়ি ইউনিয়নে সমাবেশ ও বিক্ষোভ মিছিল ডাকা হয়। কিন্তু সেখানে বাধাদান এবং সাপছড়ি বাজারে আদিবাসীদের ওপর গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে আজ ইউপিডিএফ অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়।ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাবলু চাকমা অভিযোগ করেছেন, সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি খামারপাড়া এলাকায় রাস্তার পাশের দোকানে বসে থাকা নিরীহ গ্রামবাসীর ওপর নিরাপত্তা বাহিনী হামলা চালায়।রাঙামাটি জেনারেল আবাসিক চিকিত্সক মং ক্য চিং মারমা আহতদের ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।