ইউপিডিএফের দুই কর্মীকে গুলি করে হত্যা, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদর উপজেলার মগপাড়া গ্রামে গতকাল শনিবার পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত কর্মীরা হলেন: সদরের সাপছড়ি ইউনিয়নের আমছড়ি গ্রামের বিন্দুলাল চাকমা ওরফে প্রভেল (৩০) ও কাউখালী উপজেলার হারাঙ্গীমুখ গ্রামের শরবিন্দু চাকমা ওরফে সাংগু (২৮)।বিন্দুলাল ও শরবিন্দু সাংগঠনিক কাজে বন্দুকভাঙ্গা ইউনিয়নের মগপাড়া গ্রামে গিয়েছিলেন বলে ইউপিডিএফ দাবি করেছে। এ জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস-সন্তু লারমা) দায়ী করেছে তারা। ইউপিডিএফের অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ নিয়ে গত এক বছরে জেএসএস (সন্তু লারমা), জেএসএস (এমএন লারমা) ও ইউপিডিএফের পারস্পরিক কোন্দলে ২৯ জন নেতা-কর্মী নিহত হলেন। এর মধ্যে ইউপিডিএফের ১৫ জন, জেএসএসের ১০ জন ও এমএন লারমার পক্ষের চারজন রয়েছেন।মগপাড়া গ্রামবাসী ও ইউপিডিএফ সূত্রের ভাষ্যমতে, গতকাল বেলা ১১টার দিকে রাঙামাটি শহর থেকে নৌপথে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পূর্বে মগপাড়া গ্রামের একটি বাড়িতে ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বিন্দুলাল ও শরবিন্দু। এ সময় আট থেকে দশজন সশস্ত্র যুবক ওই বাড়ি ঘেরাও করে। টের পেয়ে বিন্দুলাল ও শরবিন্দু পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা গুলি করতে করতে তাঁদের ধাওয়া করে। এতে গুলিবিদ্ধ হয়ে বিন্দুলালের মৃত্যু হয় এবং শরবিন্দু ধরা পড়েন। দুর্বৃত্তরা শরবিন্দুর চোখ বেঁধে প্রথমে মারধর ও পরে মাটিতে ফেলে গুলি চালিয়ে হত্যা করে।খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা-আতঙ্ক বিরাজ করছে।দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। পিসিপির দুই কর্মী গ্রেপ্তার: কাউখালী সদরের পোয়াপাড়া থেকে শুক্রবার রাত ১০টার দিকে ইউপিডিএফ-সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) দুই কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। কাউখালী থানার ওসি শ্যামল কান্তি বড়ুয়া বলেন, আটক উৎপল চাকমা ও রূপণ চাকমার কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক ও একটি গুলি পেয়েছে সেনাবাহিনী। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর রাঙামাটি জেলা জজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।প্রতিবাদে বিক্ষোভ: ইউপিডিএফের দুই কর্মীকে হত্যা এবং পিসিপির দুই কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে, রাঙামাটির নানিয়ারচর, কাউখালী ও কুতুবছড়ি, খাগড়াছড়ি সদর ও পানছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ইউপিডিএফ এবং তাদের সমর্থিত পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে ওই সব কর্মসূচি পালিত হয়। হত্যার ঘটনায় জেএসএস সদস্যদের দায়ী করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার এবং কাউখালীতে গ্রেপ্তার দুই পিসিপি-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় ওই সব কর্মসূচিতে। ইউপিডিএফের রাঙামাটির প্রধান সংগঠক ধ্রুবজ্যোতি চাকমা গতকাল এক বিবৃতিতে বলেছেন, জনসংহতি সমিতির সশস্ত্র সন্ত্রাসীরা দুজনকে গুলি করে হত্যা করেছে। তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, বন্দুকভাঙ্গা এলাকায় তাঁদের সংগঠনের কোনো কার্যক্রম নেই। ঘটনাটি ইউপিডিএফের অন্তর্কোন্দলে হতে পারে।গ্রেপ্তার দুজন স্কুলছাত্র: পিসিপির রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক তাপুমণি চাকমা গতকাল এক বিবৃতিতে বলেন, কাউখালীর বাড়িতে ঘুমন্ত অবস্থা থেকে স্কুলছাত্র উৎপল ও রূপণকে আটক করে একটি অস্ত্র গুঁজে দিয়ে মিথ্যা মামলা সাজানো হয়েছে। উৎপল কাউখালী পোয়াপাড়া উচ্চবিদ্যালয় থেকে আগামীতে এসএসসি পরীক্ষা দেবে। রূপণ ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।