ইউরিয়া সারের দাম বাড়ল কেজিতে আট টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরিয়া সারের দাম বাড়ল। প্রতি কেজি ইউরিয়ার দাম ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। দাম বাড়ানো হলো প্রায় ৬৭ শতাংশ। আজ বুধবার থেকে সারা দেশে এই দর কার্যকর হবে। কৃষি মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার সারের নতুন দাম কার্যকর করতে শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে। ইউরিয়া ছাড়া অন্যান্য সার আগের দরেই বিক্রি হবে। অর্থাৎ প্রতি কেজি মিউরেট অব পটাশ (এমওপি) ১৫ টাকা, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ২২ টাকা, ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ২৭ টাকাই থাকছে। কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারখানা পর্যায়ে প্রতি টন ইউরিয়া সারের দাম ১০ হাজার থেকে বাড়িয়ে করা হবে ১৮ হাজার টাকা। আর ডিলাররা এই সার কৃষকদের কাছে প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি করবেন। ২০০৮ সালে সর্বশেষ প্রতি কেজি ইউরিয়ার দাম ছয় থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছিল। বিশেষজ্ঞদের হিসাবে ইউরিয়ার দাম বাড়ানোর ফলে প্রতি কেজি ধানের উৎপাদন খরচ ২৫ পয়সা থেকে ৫০ পয়সা পর্যন্ত বাড়বে। কৃষকেরা প্রতি বিঘা ধানের জমিতে ২৫ থেকে ৩০ কেজি ইউরিয়া সার ব্যবহার করে থাকেন। আর প্রতি বিঘা আলুর জমিতে ব্যবহার করা হয় ৫০ থেকে ৬০ কেজি।কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূলত আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং অন্যান্য সারের সঙ্গে ইউরিয়ার দামের ভারসাম্য আনতেই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সরকার প্রতি কেজি ইউরিয়া আন্তর্জাতিক বাজার থেকে ৩৩ টাকায় কিনছে। তবে সরকারি কারখানায় প্রতি কেজির উৎপাদনখরচ পড়ছে আট টাকা করে। আর গত এক বছরে বিশ্ববাজারে ইউরিয়া সারের দাম প্রতি টন ২৮০ ডলার থেকে বেড়ে ৪৪০ ডলার হয়েছে। সূত্র জানায়, চলতি ২০১০-১১ অর্থবছর সারের ওপর ভর্তুকির পরিমাণ সাত হাজার কোটি টাকা। এর অর্ধেক ইউরিয়ায় খরচ হয়েছে। এ সময় ৩০ লাখ টন ইউরিয়া সার ব্যবহার করা হয়েছে, যার ৬০ শতাংশ লেগেছে বোরো ধান চাষে। ব্র্যাকের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ মাহবুব হোসেনের মতে, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় ইউরিয়ার দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক নয়। কিন্তু কৃষক যে অতিরিক্ত দামে সার কিনে জমিতে দেবে, তার জন্য তাঁকে ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। চলতি বছর বোরোতে প্রতি মণ ধানে উৎপাদনখরচ ৫০০ টাকা ছাড়িয়ে গেছে—এ তথ্য উল্লেখ করে মাহবুব হোসেন আরও বলেন, সরকার অভ্যন্তরীণ বাজার থেকে ধান-চাল কেনা শুরু না করায় ধানের দাম আরও কমছে। আর অন্যদিকে সারের দাম বাড়ানো হলো। এভাবে চলতে থাকলে আমন মৌসুমে কৃষক ধান উৎপাদন কমিয়ে দিতে পারে। কৃষি মন্ত্রণালয়ের কৃষি অর্থনীতি বিভাগের হিসাবে ইউরিয়ার দাম বেড়ে যাওয়ায় আগামী অর্থবছরে ভর্তুকির পরিমাণ ১১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেত। অর্থ মন্ত্রণালয় সাত হাজার কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ দিতে রাজি না হওয়ায় ইউরিয়া সারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সারে ভর্তুকির পরিমাণ সাত থেকে আট হাজার কোটি টাকার মধ্যে রাখা যাবে বলে কৃষি মন্ত্রণালয় আশা করছে। কৃষিসচিব সি কিউ কে মোস্তাক প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় ইউরিয়ার দাম এখনো বাংলাদেশে কম। দাম কম হওয়ায় কৃষক পর্যায়ে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহূত হচ্ছে। অন্যান্য সারের মতো ইউরিয়ার দাম প্রায় সমান পর্যায়ে আনলে অতিরিক্ত ইউরিয়ার ব্যবহার কমবে। বিশ্ববাজারে ইউরিয়ার মূল্যবৃদ্ধির কথা জানিয়ে কৃষিসচিব বলেন, ভর্তুকি বাবদ বিপুল অঙ্কের অর্থ খরচ করা সরকারের জন্য কঠিন। ফলে সবদিক বিবেচনা করেই সরকার ইউরিয়ার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত এক বছরে ইউরিয়ার আমদানি ১৩ লাখ ৮৬ হাজার টন থেকে বেড়ে ১৬ লাখ ৭০ হাজার টন হয়েছে। সরকারি ছয়টি সার কারখানায় ইউরিয়ার উৎপাদন ১০ লাখ ১২ হাজার টন থেকে কমে আট লাখ ৬৪ হাজার টন হয়েছে।