ইউরিয়ার দাম কেজিতে কমল চার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরিয়া সারের মূল্য কৃষক পর্যায়ে কেজিপ্রতি চার টাকা কমানো হয়েছে। এখন প্রতি কেজি ইউরিয়ার খুচরা মূল্য ১৬ টাকা, যা আগে ছিল ২০ টাকা। মূল্য কমানোর ফলে সরকারকে বছরে ৬৮০ কোটি টাকা অতিরিক্ত ভর্তুকি দিতে হবে।গতকাল রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এই ঘোষণা দেন। আজ সোমবার থেকেই নতুন মূল্য কার্যকর হবে। তবে অর্থনীতিবিদেরা মনে করছেন, ইউরিয়ার দাম কমানোর ফলে সারের ব্যবহারের ক্ষেত্রে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। কম দাম পেয়ে কৃষক এই সারের ব্যবহার বাড়িয়ে দিলে ধানের উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই অন্য সারগুলোর অর্থাৎ টিএসপি, এমওপি ও ডিএপি সারের দামও সমন্বিতভাবে কমানোর পরামর্শ তাঁদের। কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য স্থিতিশীল থাকায় ফসলের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে ও টেকসই খাদ্যনিরাপত্তার স্বার্থে ইউরিয়া সারের মূল্য কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মূল্য কমানো হয়েছে বলে জানালেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দাম কমানোর ফলে আগে যে নিয়মে ব্যবসায়ীরা ভর্তুকি পেতেন, এবারও সেভাবে পাবেন। নির্বাচন সামনে রেখে সরকারের শেষ সময়ে এসে দাম কমানো হলো কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, ‘কৃষকদের প্রতি আমাদের সব সময়ই সহানুভূতি আছে, কৃষকদেরও আওয়ামী লীগের ওপর আস্থা আছে। আর আমরা নির্বাচনের মাধ্যমে রায় নেই, সুতরাং জনগণের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেই।’মতিয়া চৌধুরী জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর টিএসপি, এমওপি ও ডিএপি (নন-ইউরিয়া) সারের মূল্য তিন দফায় কমানো হয়। এর মধ্যে টিএসপি সারের মূল্য ২০০৯ সালের ১৪ জানুয়ারির আগে যেখানে ছিল কেজিপ্রতি ৮০ টাকা, সেটা এখন কেজিপ্রতি ২২ টাকা। এমওপির দাম ৭০ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা করা হয়েছে। আর ডিএপির মূল্য ৯০ টাকা থেকে কমিয়ে বর্তমান সরকার কেজিপ্রতি ২৭ টাকা করেছে। অর্থনীতিবিদদের কথা: ব্র্যাকের এক গবেষণায় দেখা গেছে, দেশে ধানের উৎপাদন খরচের ২০ শতাংশই হয় সার বাবদ। এর মধ্যে মোট খরচের ১২ শতাংশ হয় ইউরিয়া সারের পেছনে। ফলে মূল্য কমায় উৎপাদন খরচ দুই টাকা কমবে। তবে এতে অন্য বিপদও আছে। অন্য সারগুলোর তুলনায় মূল্য কম হওয়ায় এখন থেকে ইউরিয়ার ব্যবহার বেড়ে যেতে পারে। এর ফলে ধানের পাতা সবুজ দেখালেও উৎপাদন কমতে পারে। অর্থনীতিবিদেরা আরও বলছেন, অন্যান্য সারের অনুপাতে ইউরিয়ার ব্যবহারে ভারসাম্য আনতে অর্থাৎ ব্যবহার কমাতে সরকার ২০১১ সালের ৩১ মে ইউরিয়ার দাম কেজিপ্রতি ১২ টাকা থেকে আট টাকা বাড়িয়ে ২০ টাকা করেছিল। কৃষক পর্যায়ে সারের ভারসাম্যপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে সরকার এর আগে তিন দফা টিএসপি, ডিএপি ও এমওপি সারের দাম কমায়। এই তিনটি সারের কেজিপ্রতি দাম ২২ টাকা, ২৭ টাকা ও ১৫ টাকায় নির্ধারণ করে। দাম প্রায় সমান হওয়ায় কৃষক ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের সমান ব্যবহার শুরু করেন। এতে ধানের একরপ্রতি উৎপাদন বেড়েছেও বলে কৃষি মন্ত্রণালয় থেকে বলা হয়। ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, এ সিদ্ধান্ত কৃষকের জন্য ইতিবাচক। তবে একই সঙ্গে অন্যান্য সারের দামও কমাতে হবে। নয়তো কৃষক আবারও ইউরিয়ার ব্যবহার বাড়িয়ে দেবেন। তিনি বলেন, গত এক বছরে বিশ্ববাজারে ইউরিয়া ও টিএসপির মূল্য ২২ শতাংশ, এমওপি ১২ ও ডিএপি ১৫ শতাংশ কমেছে।জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সম্মানিত ফেলো এম আসাদুজ্জামান বলেন, আমন মৌসুমে ইউরিয়ার ব্যবহার কম থাকে। বোরোতে তা বেশি হয়। ফলে কৃষকের কথা চিন্তা করলে বোরো মৌসুমের আগে এই সারের দাম কমানোর সিদ্ধান্ত নিলে ভালো হতো। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বর্তমানে বছরে ইউরিয়ার চাহিদা সাড়ে ২৪ লাখ টন। এর মধ্যে আমদানি করতে হয় ১৭ লাখ টন। বর্তমানে আন্তর্জাতিক বাজারে কেজিপ্রতি দাম পড়ে প্রায় ৩৪ টাকা। দাম দমানোর ফলে এখন সরকারকে কেজিপ্রতি ভর্তুকি দিতে হবে প্রায় ১৮ টাকা।