ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দ্বিগুণ করবে ইরান
ইরান তাদের একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দ্বিগুণ করতে প্রস্তুত। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা (আইএইএ) এই তথ্য পাওয়ার কথা দাবি করেছে। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবার আন্তর্জাতিক পরমাণুশক্তি সংস্থা (আইএইএ) তাদের এক প্রতিবেদনে বলেছে, ইরানের ভূগর্ভস্থ ফরদো পারমাণবিক স্থাপনাটি দ্বিগুণ হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে। আইএইএ বলছে, এই পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ফলে ওই স্থাপনাটি পরমাণু বোমার জন্য প্রয়োজনীয় স্পর্শকাতর উপাদান দ্রুতই তৈরি করতে সক্ষম হবে।আইএইএর নতুন এই প্রতিবেদন ইরানের ব্যাপারে পশ্চিমাদের সন্দেহকে আরও উসকে দেবে বলে মনে করা হচ্ছে। ইরান প্রথম থেকে দাবি করছে, তাদের পারমাণবিক কর্মসূচির লক্ষ্য পুরোপুরি শান্তিপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যে ইরান তার এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে।