ইউরোপ আক্রমণের হুমকি দিলেন কর্নেল গাদ্দাফি
লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি গতকাল শুক্রবার ন্যাটোর হামলার প্রতিশোধ হিসেবে ইউরোপ আক্রমণের হুমকি দিয়েছেন। ত্রিপোলির গ্রিন স্কোয়ারে হাজার হাজার সমর্থকদের উদ্দেশে এক অডিও ভাষণে তিনি এ হুমকি দেন।ন্যাটোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যদি সিদ্ধান্ত নিই, পঙ্গপাল ও মৌমাছির মতো আমরা ইউরোপে ছড়িয়ে পড়তে সক্ষম। একটা বিপর্যয়ের মুখোমুখি হওয়ার আগে এখান থেকে সরে যাওয়ার জন্য আমরা তোমাদের (ন্যাটো বাহিনী) পরামর্শ দিচ্ছি।’ ফ্রান্স লিবিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে, এ খবর নিশ্চিত করার পরপরই গাদ্দাফির কাছ থেকে এমন ঘোষণা এল। তাঁর এ ভাষণ লাউড স্পিকারের মাধ্যমে প্রচার করা হয়।গাদ্দাফি তাঁর ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যাটো যদি হামলা বন্ধ না করে, লিবিয়ার মানুষ অনুরূপভাবে ইউরোপে হামলা চালাতে পারে। তিনি বলেন, ‘তোমরা যেভাবে আমাদের বাড়ি লক্ষ্য করে হামলা চালাচ্ছ, তোমাদের বাড়ি, অফিস, পরিবার লক্ষ্য করে হামলা চালাতে লিবিয়ার মানুষ একদিন এ যুদ্ধকে ইউরোপে নিয়ে যেতে পারে।’গাদ্দাফি তাঁর সমর্থকদের লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকা অভিমুখে যাত্রা করার আহ্বান জানান। ফ্রান্স ওই এলাকাটিতেই বিদ্রোহীদের মধ্যে অস্ত্র সরবরাহ করছে।বিবিসি জানিয়েছে, গতকালের সমাবেশ ছিল স্মরণকালের মধ্যে সবচেয়ে বড়। গাদ্দাফির সমর্থনে সেখানে হাজার হাজার লোক জড়ো হয়।