ইউরোপকে হুমকি না দিয়ে গাদ্দাফির সরে যাওয়া উচিত: হিলারি
ইউরোপে হামলার হুমকি না দিয়ে গাদ্দাফির ক্ষমতা ত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গতকাল শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদে তিনি এ কথা বলেন। খবর, রয়টার্সের।এর আগে লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি গত শুক্রবার ন্যাটোর হামলার প্রতিশোধ হিসেবে ইউরোপ আক্রমণের হুমকি দেন। ত্রিপোলির গ্রিন স্কয়ারে হাজার হাজার সমর্থকদের উদ্দেশে এক অডিও ভাষণে তিনি বলেন, ‘যদি সিদ্ধান্ত নিই, পঙ্গপাল ও মৌমাছির মতো আমরা ইউরোপে ছড়িয়ে পড়তে সক্ষম। একটা বিপর্যয়ের মুখোমুখি হওয়ার আগে এখান থেকে সরে যাওয়ার জন্য আমরা তোমাদের (ন্যাটো বাহিনী) পরামর্শ দিচ্ছি।’গাদ্দাফি ইউরোপে হামলা চালানোর হুমকি দেওয়ার একদিন পরই এর প্রতিক্রিয়ায় হিলারি ক্লিনটন এ কথা বললেন। তিনি বলেন, ‘গাদ্দাফির উচিত তাঁর দেশের জনগণের উন্নয়ন ও স্বার্থ রক্ষা করা এবং ক্ষমতা থেকে সরে যাওয়া।’হিলারি আরও বলেন, ‘ন্যাটোর নেতৃত্বাধীন অভিযান সঠিক পথেই আছে। গাদ্দাফির ওপর চাপ বাড়ছে। বিদ্রোহীরা শক্তি ও গতি অর্জন করছে।’ এদিকে ন্যাটো গতকাল শনিবার জানিয়েছে, গাদ্দাফিনিয়ন্ত্রিত লিবিয়ার পশ্চিমাঞ্চলে তারা বিমান হামলার সংখ্যা বৃদ্ধি করেছে।