ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি
বয়স মাত্র ২২ হলেও প্রাপ্তির দিকে অনেক এগিয়ে লিওনেল মেসি। সেই প্রাপ্তির খাতায় আরেকটি খেতাব যোগ করতে চলেছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে অন্যদের চেয়ে স্পষ্টত এগিয়ে রয়েছেন তিনি। সর্বোচ্চ গোলের সুবাদে মৌসুম শেষে মেসির হাতেই গোল্ডেন বুট যাচ্ছে বললেও বেশি বলা হবে না।গতকাল টেনেরিফের বিপক্ষে জোড়া গোলসহ লা লিগায় চলতি মৌসুমে এ পর্যন্ত ৩১ গোল নিয়ে সর্বোচ্চ ৬২ পয়েন্ট মেসির। এখনো হাতে দুটি ম্যাচ রয়েছে। তাই মেসির পয়েন্ট যে আরও বাড়বে, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। অন্যদিকে গোল্ডেন বুট অর্জনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের কেউ মেসির ধারে কাছেও নেই। ২৬ গোলের সুবাদে ৫২ পয়েন্ট রয়েছে চেলসির দিদিয়ের দ্রগবা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েন রুনির। ২৫ গোলে ৫০ পয়েন্ট রিয়াল মাদ্রিদের গঞ্জালো হিগুয়েনের। প্রত্যেকেরই তিনটি করে ম্যাচ বাকি আছে। তবে ফিফা বর্ষসেরা মেসিকে পেছনে ফেলা তাদের জন্য অসম্ভবই হবে মনে হচ্ছে। এদিকে এক মৌসুমে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ডও হাতছানি দিচ্ছে মেসিকে। ১৯৯৬-৯৭ মৌসুমে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ৩৪ গোল করেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদো। পরবর্তী দুই ম্যাচে তিনটি গোল করতে পারলে রোনালদোর রেকর্ডটাও ছুঁয়ে ফেলবেন বার্সার এই ফরোয়ার্ড। কোচ পেপ গার্দিওলার বিশ্বাস, মেসি পারবেন। রয়টার্সকে তিনি বলেন, ‘মেসির জন্মই হয়েছে গোল করার জন্য। এত অল্প বয়সে সে যেভাবে খেলে যাচ্ছে, তা এক কথায় অবিশ্বাস্য।’